ষাটের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা শাম্মী কাপুর। বহু সিনেমা ও গানের জন্য তিনি বিখ্যাত। বিজ্ঞাপনেও অভিনয় করেছেন তিনি। পান পরাগের একটি বিজ্ঞাপনেও ছিল তার উপস্থিতি। ১৯৮৫ সালে এটি প্রকাশ হয়, এরপর ব্যাপক ভাইরালও হয়। যদিও ‘ভাইরাল’ অভিধাটি তখনো আবিষ্কৃত ছিল না। শাম্মী কাপুর ও অশোক কুমারের ঘরোয়া আড্ডার প্রেমে পড়ে যান সারা বিশ্বের দর্শক। তবে শাম্মীর বড় ভাই রাজ কাপুর এ ধরনের বিজ্ঞাপনকে ভালো চোখে দেখেননি।
রাজ ছিলেন পুরনো ধ্যান-ধারণার মানুষ। তিনি সিনেমা নির্মাণে বিশ্বাস করতেন। একজন শিল্পী তার শিল্পকে সম্মান করবেন, এমনটাই তিনি চাইতেন। এর বাইরে বাণিজ্যিক বা অন্যান্য ধরনের কাজে তিনি বিশ্বাস করতেন না।
শাম্মী কাপুর একটি কথোপকথনে তার অভিজ্ঞতার কথা বলেছিলেন। পুরো কাপুর পরিবার তখন হংকং ভ্রমণে ছিলেন। অসংখ্য ভক্ত তাদের চারপাশে ভিড় জমিয়েছিল। তারা পান পরাগের জিঙ্গেল গাওয়া শুরু করল। এতে শাম্মী খুশিই হন। কিন্তু এয়ারপোর্টে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রাজ তাকে একপাশে ডেকে নিলেন। তারপর ‘তিনি ইচ্ছামতো বকাঝকা করলেন’ বলে শাম্মী স্মৃতিচারণ করেন।
পান পরাগের বিজ্ঞাপন নিয়ে আজকাল নেতিবাচক মনোভাব দেখান বহু তারকা। রাজ কাপুরও এ ধরনের পণ্যের বিজ্ঞাপন করার বিরোধী ছিলেন। এছাড়া তার হতাশার কারণ ছিল অনেক হিট সিনেমা থাকা সত্ত্বেও লোকে একটি বিজ্ঞাপনের জন্য শাম্মীকে চিনছে। শাম্মীর বলেন, ‘তিনি আমাকে বলেছিলেন, ‘‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে তোমার এত বছরের অবদান, অভিনেতা হিসেবে তোমার এত কাজ, কোথায় তোমার জাংলি, তিসরি মনজিল, প্রফেসর, দিল দে কে দেখো, কোথায় গেল সেগুলো? শেষ। লোকে তোমাকে পান পরাগ দিয়ে মনে রাখবে?’’ তার দিক থেকে তিনি ঠিক ছিলেন। কিন্তু আমি তাকে বোঝাতে পারিনি যে আমার জীবনের অন্যতম লক্ষ্য ছিল অশোক কুমারের সঙ্গে অভিনয় করা। আর বিজ্ঞাপনটিই ছিল তার সঙ্গে কাজ করার একমাত্র সুযোগ।’
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










