বাংলাদেশের সিনেমায় বইছে নতুন হাওয়া। সে হাওয়া ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও। এ সময়ের সিনেমাগুলো সাড়া জাগাতে পেরেছে আন্তর্জাতিক অঙ্গনে। নিজেদের কাজগুলো নিয়ে পৌঁছে যাচ্ছেন অভিনেতা ও নির্মাতারা। এ ঘটনারই ধারাবাহিকতা দেখা যাচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসবেও। বাংলাদেশের তিনটি সিনেমা (হাওয়া, কুড়া পক্ষীর শূন্যে উড়া ও জেকে ১৯৭১) এ উৎসবে প্রদর্শিত হচ্ছে। সেই সঙ্গে থাকছে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত গৌতম ঘোষের তথ্যচিত্র কলকাতায় বঙ্গবন্ধু।
সোমবার উদ্বোধন হওয়া এ উৎসবের সূচনায়ই বাংলাদেশকে চোখে পড়েছে। বিশেষত অভিনেতা চঞ্চল চৌধুরীকে দেখা গিয়েছে শাহরুখ খান ও অমিতাভ বচ্চনের সঙ্গে এক ফ্রেমে। এবারের চলচ্চিত্র উৎসবের সূচনা হয়েছে অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন অভিনীত ‘অভিমান’ সিনেমা দিয়ে। উদ্বোধনে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন। এছাড়া উপস্থিত ছিলেন শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলি, অরিজিৎ সিং প্রমুখ। সে অনুষ্ঠানেই এক মঞ্চে অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন চঞ্চল চৌধুরী।
গত কয়েক বছরে বেশ কয়েকটি সিনেমা দর্শকপ্রিয়তা পেয়েছে। এর সঙ্গে সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে। এমনকি ওটিটি প্লাটফর্মেও এগিয়ে আছে বাংলাদেশের কনটেন্টগুলো। পশ্চিমবঙ্গে মোশাররফ করিমের ওসি হারুন ও আফরান নিশোর কাইজার চরিত্রকে থিম করে বানানো হয়েছিল পূজামণ্ডপের তোরণ। সে ধারাবাহিকতায় নন্দনে হাওয়া প্রদর্শনের সময়ও ছিল লম্বা লাইন। বাংলাদেশের বর্তমান সিনেমা, ওটিটি কনটেন্টের প্রশংসা করেছেন সৃজিত মুখার্জী, অনির্বাণ ভট্টাচার্যের মতো নির্মাতা ও অভিনেতারা। কিছুদিন আগে চঞ্চল চৌধুরীর ফেসবুক পেজে আপলোড করা একটি ভিডিওতে দেখা যায় অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে বসে আছেন তিনি। একসঙ্গে গাইছেন ‘সাদা সাদা কালা কালা’।
কেবল হাওয়া নয়, চর্চিত হচ্ছে অন্য সিনেমাও। ফাখরুল আরেফীন খানের জেকে ১৯৭১ সিনেমায় অভিনয় করছেন সব্যসাচী চক্রবর্তী, সৌরভ দাস। কুড়া পক্ষীর শূন্যে উড়া নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের দর্শক, নির্মাতারা আগ্রহ প্রকাশ করছেন। বাংলাদেশের সিনেমা নিয়ে যে আগ্রহ তৈরি হয়েছে এবং ছড়িয়ে যাচ্ছে, এর প্রমাণ রাখল ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসব।










