বলিউড থেকে চলে যেতে বাধ্য হলেও ব্যবসায় অনেক এগিয়ে গেছেন প্রিয়াংকা চোপড়া। হলিউডে অভিনয়ে এখন তিনি অন্যতম নাম। পাশাপাশি নানা ব্যবসায়ও নিজেকে জড়িয়েছেন। এর মধ্যে তার হেয়ার কেয়ার ব্র্যান্ড ভালো করেছে সবচেয়ে বেশি। ২০২৩ সালের হিসাব অনুসারে প্রিয়াংকার অ্যানোমালি হেয়ারকেয়ার দ্বিতীয় সর্বোচ্চ বিত্তশালী সেলিব্রিটি ব্র্যান্ড। এর বার্ষিক আয় প্রায় ৪৩ কোটি পাউন্ড। প্রিয়াংকার তুলনায় এগিয়ে আছেন কেবল রিহানা। প্রথম অবস্থানে আছেন তিনি। তার ফেন্টি বিউটির বার্ষিক আয় ৪৭ কোটি ৭২ লাখ পাউন্ড। 

প্রিয়াংকা ছাড়িয়ে গেছেন আমেরিকার টিভি পারসোনালিটি ও অন্যতম সেলিব্রিটি কাইলি জেনারের ব্র্যান্ডকে। ৩০ কোটি ১৪ লাখ পাউন্ড আয় নিয়ে তিনি আছেন তৃতীয় অবস্থানে। আরিয়ানা গ্রান্দের আরইএম বিউটি আছে চতুর্থ অবস্থানে। এর বার্ষিক আয় ৭ কোটি ৩ লাখ পাউন্ড। সেলেনা গোমেজ আছেন পঞ্চম স্থানে। তার রেয়ার বিউটির বার্ষিক আয় ৫ কোটি ২ লাখ পাউন্ড। 

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কসমেটিফাই এ তথ্য প্রকাশ করেছে। তাদের নতুন রিপোর্ট বলছে, ‘‌একটি বিউটি প্রডাক্টের জনপ্রিয়তা বিভিন্নভাবে মাপা যায়। এজন্য আমরা বিত্তশালী বিউটি ব্র্যান্ডগুলোকে তালিকায় এনেছি। এক্ষেত্রে ব্র্যান্ডগুলোর বার্ষিক আয়ের দিকেই মনোযোগ দেয়া হয়েছে।’

এ ধরনের তালিকার কারণে বিউটি প্রডাক্ট বিক্রি ও তার জনপ্রিয়তা বাড়ে। কসমেটিফাই জানিয়েছে, এ তালিকা প্রকাশের পর ফেন্টি বিউটির ক্রেতা বাড়ার সম্ভাবনা খুবই বেশি এবং এ বছর শেষে এটি হয়তো আবার প্রথম অবস্থানেই আসবে। তবে প্রিয়াংকা যে খুবই ভালো ব্যবসা করছেন, তা এ তালিকা থেকে বোঝা যায়। তিনি ২০২২ সালেই অ্যানোমালি হেয়ার কেয়ার শুরু করে তিনি বলেছিলেন, ‘‌ব্যবসা ও অভিনয় দুটোই সমান তালে করতে চাই।’

সূত্র ও ছবি: হিন্দুস্তান টাইমস