মুম্বাইয়ের বিখ্যাত স্পটগুলোর একটি বলিউড বাদশা শাহরুখ খানের বাড়ি মান্নাত। আরব সাগরের দিকে মুখ করে থাকা এ প্রাসাদোপম বাড়ি দেখতে তার ভক্তরা ভিড় করেন। সম্প্রতি এ বাড়ির প্রবেশদ্বারে দেখা গিয়েছে নতুন ফলক। প্রবেশদ্বারের দুই পাশে দুটো নতুন নামফলক বসেছে। এগুলো যে সে ফলক নয়, একেবারে হীরাখচিত!
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের মতে, নামফলক দুটোর জন্য শাহরুখের আনুমানিক খরচ হয়েছে ৩৫ লাখ রুপি। এ দুটো এপ্রিলেই প্রবেশদ্বারে লাগানো হয়েছিল কিন্তু হীরা খুলে পড়ে যাওয়ায় সেগুলো দ্রুতই সরিয়ে নেয়া হয়। সম্প্রতি ফলকগুলো আবার লাগানো হয়েছে। তবে ডিজাইনে কিছু ভিন্নতা এসেছে। আর এগুলোর ছবি এখন ভাইরাল। ভক্তরা ফলকগুলো রাতে আর দিনে কেমন দেখায়, সেসব ছবি আপলোড করছেন সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ লিখেছেন, ‘হীরার মতো উজ্জ্বল তারকার নামফলক।’ কেউ বলছেন, ‘বাদশাহর বাড়ির জন্য মানানসই ফলক।’
নামফলকের একটিতে লেখা হয়েছে বাড়ির নাম—মান্নাত। অন্যটিতে লেখা আছে স্থানের আইকনিক নাম—ল্যান্ডস-এন্ড। কারণ জায়গাটি আরব সাগর দিয়ে ঘেরা।
মান্নাতের নতুন নামফলকের ডিজাইন করেছেন গৌরি খান। এমনিতেই মান্নাতের সাজসজ্জা গৌরির তত্ত্বাবধায়নেই হয়। সামনে আসছে শাহরুখের অ্যাকশন সিনেমা ‘পাঠান’।
সূত্র: ইন্ডিয়া টুডে










