দেশের জনপ্রিয় নাট্যদল প্রাচ্যনাট। তাদের ইনহাউজ নাটক হিসেবে নিয়ে আসছে ‘এ মাদার ইন ম্যানভিল’। মার্জোরি কিনান রাওলিংসের লেখা গল্পটির নাট্যরূপ দিয়েছেন মো. শওকত হোসেন সজিব ও ভাবনা। নাটকটি নির্দেশনায় আছেন ফরহাদ হামিদ। আজ সন্ধ্যা ৭টায় প্রাচ্যনাটের মহড়া কক্ষে নাটকটি মঞ্চায়িত হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে নাটকটির গল্প প্রসঙ্গে প্রাচ্যনাটের পক্ষ থেকে বলা হয়েছে, মার্জোরি কিনান রাওলিংসের লেখা ‘এ মাদার ইন ম্যানভিল’ একটি হৃদয়স্পর্শী ছোট গল্প। এটি প্রেম, ত্যাগ ও সামাজিক সম্পর্কের গুরুত্বের অনুসন্ধান করে। গল্পটি আবর্তিত হয়েছে একজন লেখিকা ও ১০ বছর বয়সী এক এতিম ছেলে জেরিকে ঘিরে। লেখিকা তার জীবনী লিখতে কয়েক দিনের জন্য শহর থেকে দূরে ক্যারোলিনা পাহাড়ের একেবারে চূড়ায় অবস্থিত এতিমখানার গেস্ট হাউজে যান। সেখানে পরিচয় ঘটে জেরি ও লেখিকার। গল্প যত এগোতে থাকে তত দেখা যায় চরিত্র দুটি কাছাকাছি আসছে। একদিকে এতিম জেরির একাকিত্ব বোধ ও মায়ের ভালোবাসা কামনা তার কল্পনা ঘটাচ্ছে। অন্যদিকে লেখিকা তার ব্যথিত অতীত ভুলে নতুন জীবন শুরু করার চেষ্টা করছেন। নাটকটির একপর্যায়ে লেখিকা ও জেরির মধ্যে একটি নতুন সংযোগের সন্ধান ঘটে। এভাবেই এগিয়া যায় নাটকটি।
প্রাচ্যনাট ‘এ মাদার ইন ম্যানভিল’ নাটকটি ইংরেজিতে পরিবেশনা করতে যাচ্ছে। এতে অভিনয় করেছেন ডায়না, শ্রেয়ান, সাকি, ফায়সাল ইবনে মিজান, অদ্রি, আঁখি, তোতা, স্বাতি, তানিজি কুন ও সুপ্তি। নাটকটির সেট ডিজাইন করেছেন ফায়সাল ইবনে মিজান, লাইট ডিজাইন করেছেন আঁখি, মিউজিক করেছেন এবি সিদ্দিকি, প্রপস তৈরি করেছেন তানজি কুন ও স্বাতি, কস্টিউম ডিজাইন করেছেন ঝুমা ।










