পোস্ট-ট্রমাটিক ডিজঅর্ডার থেকে প্রায়ই কল্পনা আর বাস্তবতা গুলিয়ে ফেলে জাহান। তার স্বামী শিহাব চেষ্টা করে ট্রমা থেকে জাহানকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। এর মাঝে সৃষ্টি হয় জটিল এক পরিস্থিতির। এ নিয়েই এগিয়েছে নাজিয়া হক অর্ষার ওয়েব ফিল্ম জাহানের গল্প। আজ রাত ৮টায় ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পাবে ‘জাহান’। আতিক জামান পরিচালিত এ ওয়েব ফিল্মের নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা। এতে আরো রয়েছেন মোস্তাফিজুর নূর ইমরান, শিল্পী সরকার অপু, নাঈমা তাসনীম, ইমেল হক, সাক্ষর কুণ্ডু দ্বীপ প্রমুখ। জাহানের সিনেমাটোগ্রাফিতে ছিলেন তানভীর আহসান আর জাহিদ নিরব করেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক ।
জাহানে অর্ষাকে দেখা যাবে ভিন্ন এক চরিত্রে। এ অভিজ্ঞতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কাজটি করতে আমার বেশ কষ্ট হয়েছে। জাহান চরিত্রটার ইনার সাইট ডার্ক আবার কিছুটা ইনোসেন্ট। সে অনেক কিছু ইনোসেন্টের জায়গা থেকে করে ফেলে, তবে কনসাস হলে তা ব্যালেন্স করতে পারে না। দর্শকদের কাছে সেভাবে কোনো প্রত্যাশা নেই, তবে চাই সবাই যেন কনটেন্টটা দেখে। তারপর প্রতিক্রিয়া জানাবে।’
শুটিং ও গল্পের বিষয়ে মোস্তাফিজুর নূর ইমরান বলেন, ‘আমি একজন রিঅ্যাকশননির্ভর অভিনেতা। আমার বিপরীতে যে অভিনয়শিল্পী থাকেন তার রিঅ্যাকশন খুব জরুরি। সেদিক থেকে অর্ষা খুবই দারুণ। আমি প্রতিনিয়ত তার কাছ থেকে অনেক কিছু শিখি। আর এ গল্প মানসিক স্বাস্থ্য নিয়ে নির্মিত। আশা করছি কনটেন্টটা দেখে দর্শক পছন্দ করবে।‘
পরিচালক আতিক জামানের সঙ্গে চরকির এটাই প্রথম কাজ। তিনি বলেন, ‘বর্তমান সময় হলো ওটিটির। আর ওটিটির জন্য এটি আমার প্রথম কাজ, তাই অন্য রকম একটা এক্সাইটমেন্ট অনুভব করেছি শুটের সময়। দর্শকরা দেখলে তারপর বুঝব কেমন হয়েছে কাজটা। গল্প নিয়ে বেশি কিছু বলতে চাই না। তবে এটি দেখলে দর্শকরা ভিন্ন কিছু স্বাদ পাবে এবং ভালো সময় কাটবে তাদের।’










