ভিডিও গেম থেকে বড়পর্দা। লম্বা সময় পেরিয়েও টুম্ব রেইডার সিরিজের জনপ্রিয়তা এখনো তুঙ্গে। এবার নতুন লাইভ অ্যাকশন সিরিজের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করেছে অ্যামাজন এমজিএম স্টুডিও, যেখানে নাম ভূমিকায় থাকছেন ‘গেম অব থ্রোনস’-খ্যাত সোফি টার্নার।

ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, আগামী বছরের ১৯ জানুয়ারি সিরিজটির আনুষ্ঠানিক নির্মাণ শুরু হবে। অবশ্য সোফি টার্নারের যুক্ত হওয়ার খবর আগেই পাওয়া গিয়েছিল। তবে অ্যামাজন এমজিএম স্টুডিও বিষয়টি প্রথমবারের মতো নিশ্চিত করেছে।

সিরিজের ক্রিয়েটর, লেখক ও এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে আছেন ফিবি ওয়ালার-ব্রিজ। তিনি বলেন, ‘আমি অত্যন্ত উচ্ছ্বসিত যে সোফি টার্নার লারার ভূমিকায় যোগ দিচ্ছেন, সঙ্গে রয়েছে অসাধারণ একটি ক্রিয়েটিভ টিম। শৈশবে থেকে ভালোবাসতেন এমন একটি পছন্দের চরিত্র নিয়ে শো তৈরির সুযোগ কমই আসে জীবনে। এতে জড়িত সবাই লারার মতোই সাহসী, নতুনত্ব সন্ধানী ও চমৎকার মনোভাবসম্পন্ন।’

এ আগে অ্যাডভেঞ্চার ধাঁচের ‘টুম্ব রেইডার’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি ও এলিসিয়া বিকান্দার।

সোফি টার্নার জানান, আইকনিক চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলতে তিনি নিজের সামর্থের পুরোটাই দেবেন। এটাও মেনে নিয়েছেন যে অ্যাঞ্জেলিনা ও এলিসিয়ার শক্তিশালী অভিনয় তার সামনে এখন বড় চ্যালেঞ্জ। তবে প্রডাকশন টিম কাজ সহজ করে দেবে বলে বিশ্বাস রয়েছে সোফি টার্নারের।