লেডি গাগা গান ও অভিনয়ের জন্য সমানভাবে পরিচিত। সম্প্রতি তিনি আলোচনায় আছেন টড ফিলিপসের ‘‌জোকার: ফোলি আ দ্যু’ সিনেমাটির জন্য। এ সিনেমায় হার্লে কুইন চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমাটি নিয়ে বছরের শুরুতেই নানা কথা চলছিল। সম্প্রতি জোকারের সিনেমাটোগ্রাফার লরেন্স শের নানা বিষয়ের পাশাপাশি লেডি গাগার প্রসঙ্গেও কথা বলেছেন। লরেন্সের মতে, সিনেমার সেটে কখনো লেডি গাগার সঙ্গে তার দেখা হয়নি। কেননা লেডি গাগা সবসময় তার চরিত্রের মধ্যেই থাকতেন। সেটে সবসময় লেডি গাগাকে ‘‌লি’ (হার্লে কুইনের সংক্ষিপ্তরূপ) বলে সম্বোধন করতেন। 

লেডি গাগার আসল নাম স্টেফানি। লরেন্স বলেন, ‘‌আমি এ স্টেফানিকে একদমই চিনি না। আমার মনে হয়েছিল এর আগে কখনো তাকে দেখিনি। এমনও হতে পারে এটা আমারই দর্শন, যে আমি তার স্পেসে ঢুকব না। একটা সময় তো আমার মনে হচ্ছিল সে আমাকেও চেনে না। কাজ করার সময় মনে হচ্ছিল এসব আসলে কী হচ্ছে। কোনো একটা সমস্যা কোথাও হয়েছে। পুরো বিষয়টি রীতিমতো অদ্ভূত।’

এরপর ধীরে ধীরে লরেন্স বুঝতে পারেন, লেডি গাগা আসলে সিনেমার চরিত্রটির মধ্যেই ডুবে আছেন। বিষয়টি আরো স্পষ্ট হয়, সিনেমার একজন অ্যাসিস্ট্যান্স ডিরেক্টরের সঙ্গে লরেন্সের কথোপকথনে। লরেন্স বলেন, ‘‌সিনেমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমাকে বলল, স্টেফানি আসলে চায় সেটে সবাই তাকে সিনেমার চরিত্রটি বলেই যেন বিবেচনা করে। এরপর থেকে আমিও তাকে স্টেফানি বা লেডি গাগা মনে না করে ‘‌লি’ মনে করতে শুরু করি। এরপর থেকে যোগাযোগ স্বাভাবিক হতে শুরু করেছিল।’

টড ফিলিপস পরিচালিত ‘‌জোকার’ মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। ডিসি কমিকসের পরিচিত জোকার থেকে পুরো ভিন্ন এ জোকারকে পেয়েছিল দর্শক। জোয়াকিন ফিনিক্সের অভিনয়, মানুষের মনোগত বেদনা ও প্রতিবাদের একটি গল্প বলেছিলেন টড ফিলিপস। এর দ্বিতীয় পর্ব বা সিকুয়াল আসবে কেউ ভাবেনি। ফিলিপস সে ঘোষণা দেয়ার পরই সিনেমাপ্রেমীদের কাছে ‘‌ জোকার: ফোলি আ দ্যু’ হট টপিকে পরিণত হয়েছে। সিনেমার শুটিং এরই মধ্যে শেষ করেছেন নির্মাতা, কিন্তু এডিট করতে তিনি সময় নেবেন প্রায় এক বছর। এমন সিনেমার জন্য লেডি গাগা ভিন্ন ধরনের প্রস্তুতি নেবেন সেটাই স্বাভাবিক।

এর আগে হার্লে কুইন চরিত্রে অভিনয় করেছিলেন মার্গো রবি। লেডি গাগার এ চরিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘‌আমি শুরু থেকে হার্লের চরিত্রে ছিলাম, কিন্তু এ চরিত্রের অভিনেতা তো প্রতিনিয়ত বদলায়। তবে আমি খুবই খুশি যে হার্লে কুইনের চরিত্রটি একজন প্রতিভাবান অভিনেত্রীর কাছেই গেছে।’

সূত্র: ভ্যারাইটি