জলাশয়ে মুখ ডুবিয়ে পানি খাচ্ছে একটি বাঘ। জলে প্রতিবিম্বিত তার অবয়ব। ভারতের বর্ষীয়ান অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসানকে এমনই এক প্রতিকৃতি উপহার দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সম্প্রতি কমল হাসানের সঙ্গে রাহুল গান্ধীর রাজনৈতিক এক সভা অনুষ্ঠিত হয়। তাদের আলোচনা রাহুল গান্ধীর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। সেখানে উপহার প্রদানের দৃশ্যটি দেখা যায়। 

ভিডিওর একেবারে শুরুতে ‘‌রাহুল গান্ধী বলেন, তার ভাগ্নে রায়হান ভদ্র একজন ফটোগ্রাফার। সে খুব সুন্দর কিছু ছবি তুলেছে, যা তিনি কমল হাসানকে উপহার দিতে চেয়েছিলেন। তিনি তাকে বলেন, ‘‌আমার ভাগ্নে একজন ফটোগ্রাফার। আমি তাকে বললাম, ‘‌‘শোনো, আমি আমার বন্ধু কমল হাসানকে একটি উপহার দিতে চাই। আমাকে তোমার একটি ছবি দাও।’’ অনুমান করো তো, সে কী নিয়ে এসেছে! সে আমাকে কী ছবি দিয়েছে বলে তোমার মনে হয়?’ কমল হাসান হেসে বললেন, ‘‌আমি জানি না।’ রাহুল তখন বললেন, ‘‌চলো আমরা ছবিটা দেখি।’ তারপর তিনি ছবিটি উন্মোচন করলেন। উপহার হিসেবে এটি নির্বাচনের কারণ হিসেবে তিনি বলেন, ‘‌এটি তোমার কর্মপদ্ধতি এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। ছবিটি আমাদের সামনে এ সত্য তুলে ধরে যে তুমি একজন মহান ভারতীয় এবং একজন প্রকৃত চ্যাম্পিয়ন।’

কমল হাসান মূলত অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা। তবে রাজনীতিতেও হাত পাকিয়েছেন তিনি। ২০১৮ সালে ‘মাক্কাল নিধি মায়াম’ (গণ ন্যায়বিচার কেন্দ্র) নামে নিজের রাজনৈতিক দল তৈরি করেন। অভিনয়ে সর্বশেষ তাকে দেখা গিয়েছিল লোকেশ কনগরাজ পরিচালিত হিট সিনেমা ‘বিক্রম’-এ। সিনেমাটিতে ‘এজেন্ট বিক্রম’ চরিত্রে অভিনয় করেন তিনি। গত জুনে অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটি থিয়েটারে মুক্তি পেয়েছিল। সিনেমাটি সমালোচকদের উচ্চ প্রশংসা লাভ করে। বক্স অফিসে ব্যাপক সাফল্য লাভ করে সিনেমাটি। সম্প্রতি কমল রাহুল গান্ধীর নেতৃত্বে পরিচালিত গণআন্দোলন ‘ভারত জোড়ো যাত্রা’য় যোগদান করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‌অনেকেই আমাকে প্রশ্ন করেন, কেন আমি এখানে। একজন ভারতীয় হিসেবে এখানে আমি যোগদান করেছি। আমার বাবা কংগ্রেসের রাজনীতি করতেন। আমার বিভিন্ন ধরনের আদর্শ ছিল। একটি রাজনৈতিক দলও আমার আছে। কিন্তু, যখন দেশের প্রসঙ্গ আসে, তখন সব রাজনৈতিক সীমারেখা মুছে ফেলতে হয়। আমি সে সীমারেখা মুছে দিয়ে এখানে এসেছি।’ 

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস