বাংলা সিনেমার ইতিহাসের অনেক রেকর্ড ভেঙে দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করে সাকিব খানের তুফান। দেশের বাইরেও ভালো সাড়া পায় সিনেমাটি। বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, ইংল্যান্ডসহ আরো কয়েকটি দেশে মুক্তি পায় তুফান। এবার মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানে। আগামী ১ নভেম্বর দেশটিতে উর্দুতে মুক্তি পাবে এ সিনেমা।

এবারই নতুন নয়, এর আগেও কয়েক বছর ধরে বিদেশে নিয়মিত মুক্তি পাচ্ছে বাংলাদেশের সিনেমা। এ ধারাবাহিকতায় পাকিস্তানে যাচ্ছে সিনেমাটি। বাংলা ভাষায় নয়, এটি দেখা যাবে উর্দুতে। এরই মধ্যে এ সিনেমা উর্দুতে ডাবিং হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রায়হান রাফী।

তিনি বলেন, ‘আমি নিজেই জানতাম না ব্যাপারটা। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুনলাম শাকিব ভাই নিজেই পাকিস্তানের পরিবেশকদের সঙ্গে কথা বলে সেখানে মুক্তির ব্যবস্থা করেছেন। তারাও আগ্রহ প্রকাশ করেছে।’

সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফী। দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে আছেন বাংলাদেশের নাবিলা ও পশ্চিমবঙ্গের মিমি চক্রবর্তী। আরো আছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত প্রমুখ। গত ঈদুল আজহায় বাংলাদেশে মুক্তি পায় এ সিনেমা। এরপর যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও মুক্তি পেয়েছে। গত মাস থেকে ওটিটি প্লাটফর্ম হইচই ও চরকিতেও দেখা যাচ্ছে তুফান।