বছরজুড়েই নানা সাংস্কৃতিক আয়োজন থাকে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায়। উইংস অব উইন্ড এবং শিল্পাঙ্গনের যৌথ উদ্যোগে ‘উইংস অব আর্ট’ শীর্ষক একটি দলীয় চিত্রপ্রদর্শনী চলছে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে। ড. রুবানা হক ও চিত্রশিল্পী প্রফেসর জামাল আহমেদের উপস্থিতিতে প্রদর্শনীটির উদ্বোধন করা হয়েছে শুক্রবার সন্ধ্যায়।

গত বছর বর্ষায় প্রথিতযশা ও প্রতিশ্রুতিশীল ২৪ জন তরুণ শিল্পীর অংশগ্রহণে গাজীপুরের সফিপুরে একটি আর্ট ক্যাম্প আয়োজন করে উইংস অব উইন্ড। ১-৫ জুলাই চলে ক্যাম্পটি। এই ক্যাম্পে তরুণ শিল্পীরা চিত্রকর্ম বিষয়ে প্রথিতযশা শিল্পীদের সঙ্গে শিল্পভাবনা বিনিময়ের পাশাপাশি সরাসরি শিল্পনির্দেশনা পান। প্রবীণদের সংস্পর্শে থেকে তাদের ছবি আঁকার কৌশল দেখার পাশাপাশি তরুণদের চিত্রকর্ম বিচার-বিশ্লেষণের এক অনবদ্য সুযোগ সৃষ্টি হয়েছিল। সেই আর্ট ক্যাম্পের বাছাইকৃত কিছু শিল্পকর্ম নিয়েই এ প্রদর্শনী।

আলিয়ঁস ফ্রঁসেজের সংবাদ বিজ্ঞপ্তিতে এ চিত্রপ্রদর্শনীর মধ্য দিয়েই উইংস অব উইন্ড ও শিল্পাঙ্গনের যৌথ পথচলা শুরু হলো। এ ধারাবাহিকতায় শুধু রাজধানী নয়, দেশজুড়ে এবং দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে দেশের চিত্রকলার আরো প্রচার ও প্রসারের লক্ষ্যে শিগগিরই ছোট-বড় বেশ কয়েকটি শিল্পকলাকেন্দ্রিক কার্যক্রম হাতে নেয়ার পরিকল্পনা করা হয়েছে। সেই সঙ্গে  বাংলাদেশের চিত্রশিল্প ও চিত্রশিল্পীদের চিত্রকলাকে বিশ্বব্যাপী উপস্থাপনের জন্য একটি উন্মুক্ত প্লাটফর্ম তৈরি করার অংশ হিসেবে www.wings-of-art.com নামের একটি আর্ট পোর্টালের যাত্রা হবে প্রদর্শনীর উদ্বোধনী দিনে । যাতে বাংলাদেশের শিল্পী ও সংগ্রাহকদের বিক্রয়যোগ্য, বিক্রীত ও সংগৃহীত চিত্রকর্ম এবং সেসবের তথ্য সংরক্ষিত রয়েছে। দেশের প্রথিতযশা ও প্রতিশ্রুতিশীল তরুণ চিত্রশিল্পীদের নিয়ে আয়োজনটির তথ্য দেশবাসীর কাছে প্রচারের উদ্দেশ্যেই এ প্রদর্শনী। প্রদর্শনীটির বড় অংশজুড়ে আছে প্রকৃতি। রঙতুলির ছোঁয়ায় প্রকৃতির নানা রূপের সংমিশ্রণের চিত্রকর্মগুলো স্থান পেয়েছে এতে। এর মধ্যে নদীর পাল তোলা নৌকা আর নৌকা যাত্রীদের ব্যস্ততা নিকে আঁকা ছবিটি নজর কারে। অন্যদিকে ভরা বর্ষায় আকাশের কালো মেঘের সঙ্গে প্রকৃতির সবুজের মেলবন্ধনের একটি চিত্রকর্ম মুগ্ধতা ছড়াচ্ছে।

প্রদর্শনীটি চলবে ১২ মার্চ পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এটি খোলা থাকবে। সবার জন্য উন্মুক্ত প্রদর্শনীটি শুক্রবার বন্ধ থাকবে।