দেশের সীমানা ছাড়িয়ে এবার বিদেশের মাটিতে প্রতিযোগিতা করতে যাচ্ছে ‘ললাট’। ইংল্যান্ডের বিখ্যাত পাইনউড স্টুডিওর অধীনে প্রতি বছর আয়োজন হয় লিফট অব গ্লোবাল নেটওয়ার্ক ফার্স্ট টাইম ফিল্মমেকার সেশন। চলতি বছর এ প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে বাংলাদেশী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ললাট। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্রটির নির্মাতা পুলক রাজ।

নির্মাতা জানান, ইংল্যান্ডের উৎসব কর্তৃপক্ষ এক ই-মেইল বার্তায় উৎসবে ললাট নির্বাচিত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। নির্বাচিত চলচ্চিত্রগুলোকে বিশ্ব দর্শকের কাছে পৌঁছে দেওয়াই এ প্লাটফর্মের মূল উদ্দেশ্য। এছাড়া সেশনের দর্শক ও বিচারকদের রায়ে সেরা সিনেমাগুলোর নির্মাতারা তাদের পরবর্তী সিনেমা নির্মাণের জন্য পাইনউড স্টুডিওর সহযোগিতা পাবে।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প, স্ক্রিপ্ট, চিত্রনাট্য ও পরিচালনার কাজ করেছেন পুলক রাজ নিজেই। এ প্রসঙ্গে পুলক রাজ বলেন, ‘‌গল্প, প্লট, চিত্রনাট্য তারপর ক্যামেরা, অ্যাকশন, কাট এ যেন ঘোরের মধ্যে একটা স্বপ্ন। স্বপ্ন চলচ্চিত্র নির্মাণ করা। মৌলিক গল্প নিয়ে চলচ্চিত্রের ঘুড়িটাকে বিশ্বের বুকে উড়াতে চাই।’ পুলক নির্মাণের পাশাপাশি থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন। অভিনয় ছাড়াও তিনি সাংবাদিকতার সঙ্গেও নিজেকে সংযুক্ত রেখেছেন।

একজন মানসিক ভারসাম্যহীন নারীর বাস্তব জীবনের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ললাট। এতে অভিনয় করেছেন বেনজীর আহমেদ লিয়া ও শেখ আনিসুর রহমানসহ আরো অনেকে। সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন ইমরুল হাসান।

গত বছর ৩ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ৩ মিনিটের চলচ্চিত্র প্রতিযোগিতা ও উৎসব ২০২২-এ ললাট উন্মুক্ত বিভাগে জুরি পুরস্কার অর্জন করেছে। এ সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, জুরি বোর্ডের চেয়ারম্যান, শিক্ষক ও নির্মাতা মানজারে হাসীন মুরাদ ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। পুলকের এবারের অপেক্ষা আন্তর্জাতিক পর্দায় ললাট কী সাফল্য বয়ে আনে তার জন্য।