কৃতি শ্যানন হাজির হয়েছেন প্রযোজক হিসেবে। কেবল প্রযোজক নন, সিনেমায় অভিনয়ও করছেন তিনি। ‘‌দো পাত্তি’ নামের এ সিনেমায় কৃতির সঙ্গে অভিনয় করবেন কাজল। এর মাধ্যমে ‘‌দিলওয়ালে’র পর আবার একসঙ্গে দেখা যাবে কাজল-কৃতিকে। গত ৪ জুলাই কৃতি শ্যানন তার প্রযোজনা প্রতিষ্ঠান ব্লু বাটারফ্লাই ফিল্মস উদ্বোধন করেছিলেন। সঙ্গে জানিয়েছিলেন তার প্রতিষ্ঠানের প্রথম সিনেমা হতে যাচ্ছে দো পাত্তি। সিনেমার চিত্রনাট্য লিখেছেন কণিকা ঢিলন। এবার শুরু হয়েছে সিনেমার শুটিং।

ঘোষণার দেড় মাসের মধ্যেই প্রি-প্রডাকশনের কাজ করে শুটিং শুরু করতে পেরেছে ব্লু বাটারফ্লাই ফিল্মস। রীতিমতো একটা অর্জনই বলা যায়। ‘‌দো পাত্তি’র শুটিং শুরু ও প্রথম দিনের বেশ কয়েকটি ছবি কৃতি শেয়ার করেছেন তার ইনস্টাগ্রামে। ছবিতে কাজে মগ্ন দেখা যায় তাকে। তার সাদা টি-শার্টে লেখা ছিল, ‘‌নিজেকে নতুন করে আবিষ্কারের সময় এসেছে।’

নিজের ইনস্টাগ্রামে ছবিগুলো পোস্ট করে কৃতি লিখেছেন, ‌‌‘‌দো পাত্তির প্রথম দিনের শুটিং থেকে। দুই দায়িত্ব কাঁধে নিয়ে নিজেকে নতুন করে আবিষ্কারের সময় এসেছে। ‌প্রযোজক-অভিনেতার এ নতুন যাত্রায় (কৃতির ভাষায় স্পেশাল জার্নি) অদ্ভুত এক অনুভূতিতে আচ্ছন্ন হয়ে আছি।’

কৃতি এর আগে জানিয়েছিলেন পাহাড়ের পটভূমিতে দো পাত্তির গল্প। সিনেমাটি নারীকেন্দ্রিক হবে। তিনি কণিকা ঢিলনকে বেছে নিয়েছিলেন তার আগের সিনেমা ‘‌হাসিন দিলরুবা’র কারণে। কৃতি নিজেকে কণিকা ঢিলনের একজন ভক্ত বলেই উল্লেখ করেছিলেন। সাসপেন্স থ্রিলারটির জন্য নেটফ্লিক্সকে তিনি বেছে নিয়েছিলেন সিনেমাটিকে বৃহত্তর দর্শকের কাছে পৌঁছাতে।

তবে কাজটি কৃতির জন্য বেশ কঠিন হতে যাচ্ছে। তিনি বলেন, ‘‌এটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ। তবে গল্পটা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। সে কারণেই সিনেমাটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলাম।’ পোস্টে নেটফ্লিক্স, কাজল, কণিকা ঢিলনকে ট্যাগ করেছেন কৃতি। 

প্রযোজনার পাশাপাশি অভিনেত্রী হিসেবে কৃতির হাতে আছে ‘‌গণপত: পার্ট ওয়ান। টাইগার শ্রফের বিপরীতে দেখা যাবে তাকে। এছাড়া কারিনা কাপুর খান, টাবু ও দিলজিতের সঙ্গে অভিনয় করছেন ‘‌দ্য ক্রু’তে।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস