গত বছর ঢাকার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তরুণ নির্মাতা যুবরাজ শামীমের সিনেমা ‘আদিম’। মুক্তির আগেই সিনেমাটি মস্কোসহ বিশ্বের একাধিক আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়ে পুরস্কার জিতেছে। আর এবার ঢাকার মঞ্চে নতুন প্রাপ্তি যুক্ত হলো সিনেমাটির। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের (ডিইউএফএস) ‘হীরালাল সেন পদক–১৪৩০’ পেয়েছে নির্মাতা যুবরাজ শামীমের আলোচিত সিনেমা আদিম। এ পুরস্কার প্রদানের মাধ্যমে বাংলা ভাষার সর্ববৃহৎ চলচ্চিত্র উৎসবের পর্দা নেমেছে শুক্রবার। 

নির্মাতা যুবরাজ শামীমের হাতে হীরালাল সেন পদক–১৪৩০ তুলে দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন।

‘হীরালাল সেন পদক–১৪৩০’-এর মধ্য দিয়ে প্রথমবার বাংলাদেশে পুরস্কার পেল আদিম। নিজের দেশে প্রথম প্রাপ্তি নিয়ে জানতে চাইলে যুবরাজ শামীম বলেন, ‘মস্কোসহ বিশ্বের বিভিন্ন জায়গায় চলচ্চিত্রটি পুরস্কার পেয়েছে। আর হীরালাল সেন পদকের মাধ্যমে নিজ দেশে প্রথমবার পুরস্কৃত হলো আমাদের আদিম। পুরস্কারটি আমি আমার মা সখিনা বেগমকে উৎসর্গ করেছি। আমার জন্য অনেক আনন্দের বিষয় এ প্রাপ্তি।’ 

দেশের মাটিতে পুরস্কার প্রাপ্তির আনন্দ অভিজ্ঞতা ভাগ করে যুবরাজ শামীম বলেন, ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ডের কথা মস্কো আমাকে আগে থেকে জানায়নি। তবে নেটপ্যাক প্রাপ্তির খবর আগেরদিন রাতেই পাই। তো সারা রাত আমার ঘুম নেই। হীরালাল সেন পদকের আগের রাতেও আমার একই অবস্থা হয়েছিল। উৎসব কর্তৃপক্ষ যদিও আমাকে কিছু বলেনি তবু মনে হচ্ছিল আদিম হীরালাল সেন পদক পেতে যাচ্ছে। এ ভাবনা আমাকে দারুণভাবে উত্তেজিত করে, মস্কোর সে রাতের কথা মনে করিয়ে দেয়। আর এজন্য হীরালাল সেন নামটাই আমার কাছে যথেষ্ট মনে হয়। আদিম প্রদর্শনীতে টিএসসিতে উপস্থিত দর্শকের উপস্থিতি আমার আবেগ বাড়িয়ে দিয়েছিল। হীরালাল সেন পদকের জন্য তো বটেই, সর্বোপরি চমৎকার এ স্মৃতি তৈরির জন্য ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটির প্রতি ভালোবাসা।’

৪৪তম মস্কো চলচ্চিত্র উৎসবে সিলভার সেন্ট জর্জ অ্যাওয়ার্ড ও নেটপ্যাক পুরস্কার পায় আদিম। এছাড়া কুইন্স ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালের সেরা সিনেমার পুরস্কার জিতেছিল সিনেমাটি। গত বছর ২৬ মে প্রেক্ষাগৃহেও মুক্তির পর দেশের দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল এটি। এ সিনেমার গল্প টঙ্গীর ব্যাংকের মাঠ বস্তির বাসিন্দাদের নিয়ে। এতে অভিনয়ও করেছেন বস্তির বাসিন্দারাই। নির্মাতা জানান, শিগগির ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে আদিম। 

অন্যদিকে আমার ভাষার চলচ্চিত্র ১৪৩০ শীর্ষক পাঁচ দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি। উৎসবে দেখানো হয়েছে নতুন ও পুরনো মিলিয়ে ২০টি বাংলা সিনেমা। এ চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার দেয়া হয় বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি ‘মুজিব একটি জাতির পিতা’। পুরস্কারটি গ্রহণ করেন এ সিনেমার নির্বাহী প্রযোজক ও এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।