টিভি নাটকের নতুন জুটি হয়ে উঠছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। একাধিক নাটকে অভিনয় করেছে এ জুটি। সর্বশেষ তাদের অভিনীত হাসিব হোসেন রাখি পরিচালিত ‘এক সাথে’ নাটকটি দর্শকের কাছে বেশ গ্রহণযোগ্যতা পায়। এবারের ঈদের নাটকে দেখা যাবে তাদের। ঈদে একটি ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য এরই মধ্যে নির্মিত হয়েছে ‘চাঁদের গায়ে চাঁদ’ শিরোনামের একটি নাটক। এটি রচনা করেছেন ফেরদৌস হাসান। পরিচালনায় ছিলেন এসআর মজমুদার। রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। সিনেমাটোগ্রাফিতে ছিলেন নাঈম ফুয়াদ। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নিলয় আলমগীর বলেন, ‘ঈদের এ নাটকের গল্প যেহেতু ফেরদৌস হাসান রানা ভাইয়ের, তাই এতে বেশ আগ্রহ নিয়ে আমি কাজ করেছি। রানা ভাই সবসময় গল্প সহজভাবেই বলার চেষ্টা করেন। এ নাটকের ক্ষেত্রেও তাই। কমেডি ঘরানার গল্পের নাটক এটি। এসআর মজুমদার বেশ যত্ন নিয়ে এটি নির্মাণ করার চেষ্টা করেছেন।’
মাহিকে নিয়ে বলতে গিয়ে এ অভিনেতা বলেন, ‘চাঁদের গায়ে চাঁদ নাটকে আমার বিপরীতে আছে মাহি। আমার মনে হয়, সে সবসময় সাবলীলভাবে ন্যাচারাল অ্যাক্টিং করে। যখন কোনো ধনী মেয়ের চরিত্রে অভিনয় করে, তখন তাকে ঠিক তেমনই লাগে। আবার যখন কোনো গরিবের মেয়ের চরিত্রে অভিনয় করে, একদম গরিবের মতোই হয়। মূলকথা হলো যখন যে চরিত্রে মাহি অভিনয় করে, তখন সে চরিত্রই হয়ে ওঠে সে। তার সঙ্গে চাঁদের গায়ে চাঁদ ভালো লাগবে দর্শকের।’ এবারের ঈদে একাধিক নাটকে দেখা যাবে সামিরা খান মাহিকে। অনেক নাটকের শুটিং এরই মধ্যে শেষ করেছেন এ অভিনেত্রী। ওয়েব দুনিয়ায়ও বর্তমানে জনপ্রিয় তিনি। চাঁদের গায়ে চাঁদ নাটকটি নিয়ে বলতে গিয়ে মাহি বলেন, ‘এবারই প্রথম এসআর মজুমদার ভাইয়ের নির্দেশনায় কাজ করেছি। বেশ যত্ন নিয়ে ধরে ধরে তিনি দৃশ্য ধারণ করেছেন। আর নিলয় ভাইয়ের সঙ্গে এর আগেও আমি বেশকিছু নাটকে অভিনয় করেছি। সেগুলো দর্শকের কাছে ভালো লেগেছে। চরিত্র ফুটিয়ে তোলার ক্ষেত্রে তিনি খুব সহযোগিতা করেন। যথারীতি এ নাটকের ক্ষেত্রেও তাই করেছেন। আমি আশাবাদী আমাদের নতুন এ নাটক নিয়ে।’










