ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে একাধিক সিনেমা। সে ধারাবাহিকতায় আসছে জান্নাতুল ফেরদৌস ঐশী ও ইয়াশ রোহান জুটির প্রথম সিনেমা ‘আদম’। আশির দশকে দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদে ঘটে যাওয়া কঠিন বাস্তবতা আর জীবনবোধের গল্পে নির্মিত সিনেমাটি। আবু তাওহীদ হিরণের পরিচালনায় এ সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ঐশী ও ইয়াশ রোহান।

‘আদম থাইকা আদম সন্তান কেউ ফেরেশতা কেউবা শয়তান’ ট্যাগ লাইনের সিনেমাটির ট্রেলার প্রকাশ হয়েছে চলতি সপ্তাহে। ট্রেলার প্রকাশের পর নির্মাতা জানিয়েছেন, আসন্ন ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এর আগে ১ মার্চ সন্ধ্যায় সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ হয়। এ সিনেমা নিয়ে পরিচালক বলেন, ‘‌আমার স্বপ্নের প্রজেক্ট আদম। নানা কারণে এটি মুক্তি দিতে দেরি হয়েছে। এবার সব কাজ গুছিয়ে এনেছি। তাই রোজার ঈদে সিনেমাটি মুক্তি দিতে চাই।’

সিনেমার প্রেক্ষাপট জানতে আবু তাওহীদ হিরণ বলেন, ‘‌আদম এমন একটি জাতি, যাদের স্বজাতি ছাড়া অন্য কোনো শত্রু নেই। এ বহুরূপী আদম জাতির মধ্যে রয়েছে আলাদা ধরনের কিছু আদম, যারা অন্যের জন্য নিজেকে উজাড় করে দেয়। আবার এ জাতির মধ্যেই রয়েছে, যে নিজের জন্য অন্যের সবকিছু উজাড় করে নেয়।’

গত নভেম্বরে সেন্সর বোর্ড থেকে মুক্তির জন্য আনকাট ছাড়পত্র পায় সিনেমাটি। সেন্সর বোর্ডের সদস্যরা এর প্রশংসা করেছেন বলেও জানিয়েছেন নির্মাতা।

ঐশীর তিনটি সিনেমা মুক্তি পেলেও কাজের দিক দিয়ে তার দ্বিতীয় সিনেমা আদম। এতে ঐশীর চরিত্রের নাম সাজিয়া। সিনেমাটি সম্পর্কে জান্নাতুল ফেরদৌস ঐশী বলেন, ‘‌আদমে কাজের অভিজ্ঞতা আমার জন্য খুবই মজার ছিল। সব শিল্পী চান চরিত্র ও অভিনয়ে বৈচিত্র্য আনতে। এটা আমার বৈচিত্র্যময় কাজগুলোর একটি।’ চলতি বছর এ অভিনেত্রী সূচনা করেছিলেন ‘ব্ল্যাক ওয়ার’ দিয়ে। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন আরিফিন শুভ। এছাড়া ঐশী অভিনীত ‘নূর’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। নূরের নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। সিনেমাটি পরিচালনা করছেন ‘‌পোড়ামন ২’-খ্যাত পরিচালক রায়হান রাফি। অন্যদিকে ‘‌পরাণ-এর পর আদম দিয়ে বড় পর্দায় হাজির হচ্ছে এ সময়ের ব্যস্ত তারকা ইয়াশ রোহান। সিনেমাটি নিয়ে তিনি বলেন, ‘‌এ রকম গল্প নিয়ে এর আগে আমার কোনো সিনেমা করা হয়নি। এই প্রথম সাহস করে করা। আমরা এত কষ্ট করেছি সিনেমাকে ভালোবাসি বলে। দর্শকও ভালো সিনেমা দেখতে চান। আমার বিশ্বাস, যদি ভালো হয়, দর্শক এর মূল্য দেবেন।’ গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল ইয়াশ রোহানের। তার বিপরীতে ছিলেন পরীমনি। বর্তমানে ওটিটি প্লাটফর্মেও নিয়মিত দেখা যায় এ অভিনেতাকে। চলতি বছর ঈদের নাটকেও অভিনয় করেছেন ইয়াশ রোহান। 

ইয়াশ ও ঐশী ছাড়াও এতে আরো অভিনয় করেছেন বরেণ্য অভিনয়শিল্পী রাইসুল ইসলাম আসাদ, রঙ্গন হৃদ্য, অ্যালেন শুভ্র, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মনিরা মিঠু, সুমনা সোমা, আফফান মিতুল, ইকবাল হোসেন ও মিলন ভট্টাচার্য। নিজের গল্পে আদম পরিচালনা করেছেন আবু তাওহীদ হিরণ। এর চিত্রনাট্য ও সংলাপ মাসুদ পারভেজের। সিনেমাটি প্রযোজনা করেছেন তামিম হোসেন। ২০১৮ সালের শেষের দিকে মোংলা, সুন্দরবন, ময়মনসিংহ, জামালপুর ও কুয়াকাটা এলাকায় হয়েছিল সিনেমাটির শুটিং।