গড়পড়তা কেটেছে হলিউডের ২০২২ সাল। কিছু সিনেমা আশা জাগিয়ে হতাশ করেছে। আবার কোনো কোনোটি আশাতীত মুনাফা দিয়েছে। ২০২৩ সালে নতুন করে ফেরার মতো পরিকল্পনা রেখেছে হলিউড। বড় বাজেট, ভিন্ন ধারার কনটেন্ট ও তারকাবহুল সিনেমা নিয়ে আসবে হলিউড। মুক্তির অপেক্ষায় আছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সিনেমা, আছেন ক্রিস্টোফার নোলান ও কোয়েন্টিন টারান্টিনোর মতো পরিচালকেরা। টপ গান ম্যাভেরিক দিয়ে ২০২২ সালে হলিউডকে জাগিয়ে তোলা টম ক্রুজ আসবেন মিশন ইম্পসিবল নিয়ে। জন উইক নিয়ে ফিরছেন কিয়ানু রিভসও। আজ আমরা ২৩ মাতাতে পারে এমন কিছু সিনেমা নিয়ে জানার চেষ্টা করব।

বছরের শুরুতে মার্ভেল নিয়ে আসছে অ্যান্ট ম্যান অ্যান্ড দ্য ওয়াসপ: কোয়ান্টমেনিয়া। সিনেমাটির মধ্য দিয়ে মার্ভেলের এ পর্যায়ের যাত্রা শুরু হবে। কোয়ান্টাম দুনিয়ার এ গল্পের মধ্য দিয়ে মার্ভেল তাদের ইউনিভার্সকে সাজানোর পরিকল্পনা করেছে। সিনেমাটির মুক্তির তারিখ ঠিক করা হয়েছে ১৭ ফেব্রুয়ারি। ডিসিও তাদের লাইনআপ নিয়ে ভাবছে নতুন করে। সেখানে শুরুতে থাকছে শাজাম। জাকারি লেভি অভিনীত এবারের সিনেমার নাম ‘‌শাজাম! ফিউরি অব দ্য গডস’। ১৭ মার্চ এর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 কিয়ানু রিভস ফিরছেন তার জন উইক নিয়ে। সিনেমাটি নিয়ে দর্শক অপেক্ষা করছে অধীর আগ্রহে। চ্যাড শ্যালেস্কি পরিচালিত সিনেমায় তাকে আবারো হিটম্যানের চরিত্রে দেখা যাবে। এবার কিয়ানুর সঙ্গে থাকবেন ডনি ইয়েন। জন উইক চ্যাপ্টার ফোর মুক্তি পাবে ২৪ মার্চ। এপ্রিলে বিগ বাজেট সিনেমা বেশি নেই, তবে থাকছে ক্রিস প্র্যাটের দ্য সুপার মারিয়ো ব্রোস (৭ এপ্রিল) এবং নিকোলাস কেজ অভিনীত রেনফিল্ড (১৪ এপ্রিল)। কেজকে এ সিনেমায় ড্রাকুলার চরিত্রে দেখা যাবে।

মে মাসে মার্ভেল ফিরবে গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সির তৃতীয় কিস্তি নিয়ে। এন্ডগেমের পরের গল্প নিয়ে ফিরবে সিনেমাটি। মুক্তি পাবে ৫ মে। এর পরপরই আসবে ফাস্ট টেন। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের এ সিনেমার পর আরেক কিস্তি মুক্তি পাবে। ফাস্ট টেন মুক্তি পাবে ১৯ মে। মাস শেষ হবে ডিজনির লিটম মারমেইড দিয়ে। সিনেমাটি ১৯৮৯ সালের ক্ল্যাসিকের পুনর্নির্মাণ।

জুন শুরু হবে স্পাইডার ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ওয়েব দিয়ে। ২ জুন এ সিনেমার মুক্তির এক সপ্তাহ পরেই মুক্তি পাবে ট্রান্সফরমারস: রাইজ অব দ্য বিস্টস। ২৩ জুন মুক্তি পাবে এজরা মিলারের দ্য ফ্ল্যাশ। মাস শেষ হবে ইন্ডিয়ানা জোনস দিয়ে। ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি মুক্তি পাবে ৩০ জুন।

হলিউড জমজমাট হতে যাচ্ছে জুলাইয়ে। টম ক্রুজ আসবেন তার মিশন ইম্পসিবল নিয়ে। ২০২২ সালে টপ গান: ম্যাভেরিক আয় করেছিল ১০০ কোটি ডলারের বেশি। এবার আসছে বহুল প্রতীক্ষিত মিশন: ইম্পসিবল ডেড রেকনিংয়ের প্রথম পর্ব। দুই পর্বের এ সিনেমা নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন টম ক্রুজ। সম্প্রতি এ সম্পর্কিত ও অন্যান্য স্টান্টের কারণে আলোচনায় আছেন তিনি। ডেড রেকনিং পরিচালনা করছেন ক্রিস্টোফার ম্যাকুয়ের। সিনেমাটি কভিডের কারণে কয়েকবার পিছিয়ে গেছে। শেষ পর্যন্ত এর মুক্তির তারিখ ঠিক করা হয়েছে ১৪ জুলাই ২০২৩। ৩০ কোটি ডলার বাজেটে নির্মিত হচ্ছে ডেড রেকনিংয়ের প্রথম পর্ব।

জুলাইয়েই মুক্তির কথা রয়েছে ক্রিস্টোফার নোলানের ওপেনহাইমার। বিজ্ঞানী ওপেনহাইমারের জীবন, পারমাণবিক বোমা ও অন্যান্য বিষয় নিয়ে নির্মিত এ সিনেমা নিয়ে এখনই তুমুল আলোচনা চলছে দর্শক ও সমালোচকদের মধ্যে। টম ক্রুজের সিনেমার ওপর থেকেও আলো সরিয়ে নিচ্ছেন নোলান। কিলিয়ান মারফি ও রবার্ট ডাউনি জুনিয়ার অভিনীত এ সিনেমার জন্য একটি বিস্ফোরণই করে ফেলেছেন নোলান। ১০ কোটি ডলার বাজেটের এ সিনেমা মুক্তি পাবে ২১ জুলাই।

এর শেষে দ্য মার্ভেলসের পর আগস্ট শুরু হবে নিনজা টার্টলস দিয়ে। ড্যানজেল ওয়াশিংটনের ইকুয়ালাইজার মুক্তির তারিখ ১ সেপ্টেম্বর ঠিক করা হয়েছে। মাস শেষ হবে দ্য এক্সপ্যানডেবলস ফোর দিয়ে। ২০২১ সালে হলিউডকে তুমুল ব্যবসা দেয়া এবং অস্কারে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হওয়া ডুনের দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ৩ নভেম্বর। এ সিনেমা নিয়ে দর্শকের আগ্রহের কমতি নেই। আর বছর শেষ হবে অ্যাকুয়াম্যান অ্যান্ড দ্য লস্ট কিংডম দিয়ে। সিনেমাটি মুক্তি পাবে ২০২৩-এর ২৫ ডিসেম্বর।


দ্য হলিউড রিপোর্টার অবলম্বনে মাহমুদুর রহমান