অভিনেতা আহমেদ রুবেল আর নেই। গত সন্ধ্যায় মারা গেছেন তিনি। নির্মাতা নুরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ সিনেমার প্রিমিয়ারে রওনা হয়েছিলেন এ অভিনেতা। পথেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। নির্মাতা নুরুল আলম আতিকই প্রথম এ সংবাদ নিশ্চিত করেন।
গতকাল সন্ধ্যায় একটি মাল্টিপ্লেক্সে পেয়ারার সুবাসের প্রিমিয়ারের আয়োজন ছিল। সিনেমাটিতে অভিনয় করেছেন আহমেদ রুবেল। কিন্তু সেখানে আর পৌঁছানো হয়নি তার। আহমেদ রুবেলের বয়স হয়েছিল ৫৫ বছর।
আহমেদ রুবেল নামে পরিচিত হলেও তার পুরো নাম আহমেদ রাজিব রুবেল। ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। অভিনয়ে আহমেদ রুবেলের হাতেখড়ি সেলিম আল দীনের ঢাকা থিয়েটার থেকে। তার প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে। নাটকের নাম স্বপ্নযাত্রা। এরপর বহু নাটকে অভিনয় করেছেন আহমেদ রুবেল। অভিনয় করেছেন সিনেমায়ও। এর মধ্যে ‘চন্দ্রকথা’, ‘ব্যাচেলর’, ‘গেরিলা’, ‘দ্য লাস্ট ঠাকুর’ অন্যতম।










