সপ্তম বারের মতো ‘জয় বাংলা কনসার্ট’ আয়োজন করল ‘ইয়াং বাংলা’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনকে স্মরণ করে এ কনসার্ট আয়োজিত হয়। তবে এবার কনসার্টটি ৭ মার্চের বদলে ৮ মার্চ বেলা ৩টায় আয়োজিত হয়। ঢাকার আর্মি স্টেডিয়াম মঞ্চে এটি অনুষ্ঠিত হয়। ২০১৫ সাল থেকে প্রতি বছরই রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে আসছে জয় বাংলা কনসার্ট। এবার ৭ মার্চ পবিত্র শবেবরাত থাকায় আয়োজনটি একদিন পেছানো হয়।
এবারের কনসার্টে সংগীত পরিবেশন করেছে ‘আর্টসেল’, ‘ক্রিপটিক ফেইট’, ‘চিরকুট’, ‘নেমেসিস’, ‘লালন’, ‘আরেকটা রক ব্যান্ড’, ‘মেঘদল’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘কার্নিভাল’। দুপুর ১২টায় স্টেডিয়ামের নয়টি প্রবেশপথ খুলে দেয়া হয়। কনসার্টটি দেখতে বরাবরের মতোই কোনো টাকা লাগেনি। নির্ধারিত সময়ে অনলাইনে নিবন্ধন করে কনসার্টে আসার প্রবেশপত্র পেয়েছিলেন শ্রোতা-দর্শকরা। পূর্ব নির্ধারিত সময় অর্থাৎ ৩টার সময়ই এটি শুরু হয়।
কনসার্টের শুরুতে মঞ্চে ওঠে ‘আরেকটা রক ব্যান্ড’। সাড়ে ৩টার কিছু সময় পর পর্যন্ত পারফর্ম করে তারা। তাদের সর্বশেষ মুক্তি পাওয়া ‘ঘুম পাড়ানোর গান’ দিয়ে পারফরম্যান্স শেষ করে।’ এরপর মঞ্চে ওঠে কার্নিভাল। তারা বেশ কয়েকটি গানে পারফর্ম করে। এর মধ্যে ‘আমার সত্য’ গানটি উপস্থিত দর্শক শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে। সোয়া ৪টায় মঞ্চে ওঠে ‘ মেঘদল’। জয় বাংলা কনসার্টে প্রথমবারের মতো পারফর্ম করেছে এরা। মোহিনী চৌধুরী লিখিত ‘মুক্তির মন্দির সোপান তলে’ দিয়ে মেঘদল তাদের পারফরম্যান্স শুরু করে। এরপর তারা দলবদ্ধভাবে গেয়ে ওঠেন ‘এসো আমার শহরে’। এরপর সুমন গেয়ে শোনান ’চার চার চৌকো জানালায়’, ‘কিছু বিষাদ হোক পাখি’র পর ‘এ হাওয়া’ দিয়ে শেষ করে তারা।
মেঘদলের পর রাফা পারফর্ম করেন। এরপর অন্য ব্যান্ডগুলো একে একে মঞ্চে উঠে দর্শক মাতিয়েছে। এবার নারী দিবসে কনসার্টটি হওয়ায় প্রতিটি ব্যান্ডই নারীদের আলাদা করে শুভেচ্ছা জানায় তাদের পারফরম্যান্সের মধ্যে।










