মনোজ বাজপেয়ী এখন ভারতের অন্যতম সেরা অভিনেতা হিসেবে স্বীকৃত। একের পর এক ওয়েব সিরিজ ও সিনেমা করছেন তিনি। তাকে নানা সময় টেলিভিশনে সাক্ষাৎকারে দেখা যায়। মিষ্টি কথা বলেন তিনি। অবশ্য সত্য কথা বলতেও জুড়ি নেই এ অভিনেতার। কিন্তু মনোজ অভিনীত অনেক চরিত্রের মতো বাস্তবেও মনোজ দুর্বিনীত। এ তথ্য সম্প্রতি দিলেন নির্মাতা হানসল মেহতা। তিনি আরো জানান, সেটে নানা সময়ই মাথা গরম করতেন তিনি। এমনকি তাকে সেটে দেখলে অনেকে পালিয়ে যেত। মনোজের সামনে পড়তে চাইত না।
মনোজ বাজপেয়ীর সঙ্গে ২০০০ সালে একটি সিনেমা নির্মাণ করেছিলেন হানসল মেহতা। নাম ‘দিল পে মাত লেনা ইয়ার!’ সিনেমা এক্সপ্রেসের সঙ্গে এক সাক্ষাৎকারে সে সময় ও অন্য নানা বিষয় নিয়ে আলাপ করেন হানসল। তিনি মনোজ সম্পর্কে বলেন, ‘কাজের ক্ষেত্রে ব্যক্তির সঙ্গে ব্যক্তির সংযোগ ও সম্পর্ক একটি বড় বিষয়। ২০০০ সালে মনোজের সঙ্গে সেটা আমার হয়নি। আমরা দিল পে মাত লেনা ইয়ার নির্মাণ করছিলাম। তখন দেখেছি, মনোজের মেজাজ ওঠানামা করে। তার সঙ্গে খুব সহজে কোনো আলাপ করা সম্ভব হতো না। পুরো সিনেমার ক্ষেত্রেই সে যথেষ্ট বিড়ম্বনা তৈরি করেছে।’
কিন্তু মানুষ হিসেবে মনোজ মোটেও খারাপ নন। সে কারণেই এর পরও মনোজের সঙ্গে সিনেমা নির্মাণ করেছেন হানসল। তাদের সম্পর্ক খারাপ ছিল না। কিন্তু সেটে মনোজের আচরণ মাঝে মাঝেই বিরক্তির কারণ হয়ে উঠত। এ নিয়ে হানসল বলেন, ‘সে মোটেও কোনো খারাপ মানুষ না। একজন ভালো মানুষ। অভিনেতার মতো ব্যক্তি হিসেবেও অসাধারণ। কিন্তু কাজ করার সময় আমরা বারবার তার আচরণে বিরক্ত হয়েছি। আমি তার কাছে গিয়ে জানতে চাইতাম, সে এমন কেন করছে। কিন্তু মনোজের কাছে কোনো উত্তর থাকত না। সে নিজের মধ্যে একটা নতুন চরিত্র তৈরি করত যেন। আর তার সে আচরণে অনেকেই ভয় পেয়ে তার কাছ থেকে পালাত। সৌরভ শুক্লা এসে আমার কাছে বলত, মনোজ তার সঙ্গে বাজে আচরণ করেছে।’
অথচ এ সৌরভ শুক্লার সঙ্গেই ১৯৯৮ সালে রাম গোপাল ভার্মা পরিচালিত ‘সত্য’ সিনেমায় অভিনয় করেছেন মনোজ। সৌরভের সঙ্গে তার সম্পর্কও এরপর ভালো ছিল।
মনোজের সে পুরনো আচরণ অনেক কমেছে। তিনি নতুন করে নিজেকে আবিষ্কার করছেন। অভিনয় করছেন নতুন অনেক সিনেমায়। এ জানুয়ারিতেও আসছে তার একটি সিরিজ। এতে তার সঙ্গে অভিনয় করছেন কঙ্কনা সেন শর্মা, নাসের ও আরো অনেকে। ‘কিলার সুপ’ নামে সিরিজটি স্ট্রিম হবে নেটফ্লিক্সে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










