‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’ —স্লোগানে নাট্যসংগঠন স্বপ্নদল ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৩’ উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষে আগামীকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে স্বপ্নদল প্রযোজনা নারী জাগরণের মনোড্রামা ‘হেলেন কেলার’-এর বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

নাটকটি প্রদর্শনীর পূর্বে নিবেদিতপ্রাণ নাট্যজন জয়িতা মহলানবীশকে স্বপ্নদলের ‘আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা ২০২৩’ প্রদান করা হবে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সংস্কৃতিজন গোলাম কুদ্দুছের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ড. সৈয়দা তাসমিনা আহমেদ, ভারতের চিত্রনির্মাতা-লেখক-গবেষক ড. বিশ্ব রায় প্রমুখ। বিশ্বের সব নারীকে আন্তরিক সম্মান জানাতে বাংলাদেশের প্রথম নাট্যদল হিসেবে ২০১২ থেকে নিয়মিতভাবে আন্তর্জাতিক নারী দিবস পালন করে আসছে স্বপ্নদল। দিবসটিতে এ পর্যন্ত সংবর্ধনা দেয়া হয়েছে নাট্যজন ফেরদৌসী মজুমদার, শিমূল ইউসুফ, লাকী ইনাম, নূনা আফরোজ, আইরিন পারভীন লোপা, সাধনা আহমেদ, ত্রপা মজুমদার, রোকেয়া রফিক বেবী, মোমেনা চৌধুরী, আছমা আক্তার লিজা ও স্বপ্নদলের নিয়মিত নারী-নাট্যকর্মীসহ স্বপ্নদলের সব নিয়মিত নাট্যকর্মীদের। 

অন্যদিকে এ আয়োজনে বিশ্বের সব নারীর প্রতি সম্মান জানিয়েই ‘‌হেলেন কেলার’ নাটকটি দেখানো হবে। মহীয়সী নারী হেলেন কেলারের জীবন-কর্ম-স্বপ্ন-সংগ্রাম-দর্শনভিত্তিক ও নারী-গ্রন্থিকের একক অভিনয়ে সমৃদ্ধ হেলেন কেলার রচনা করেছেন অপূর্ব কুমার কুলু, নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন এবং অভিনয় করছেন জুয়েনা শবনম।

দৃষ্টি, বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও প্রবল আত্মবিশ্বাস আর শিক্ষয়িত্রী অ্যাস্যুলিভানের অতিমানবিক প্রেরণায় হেলেন কেলারের সব নেতিবাচকতার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর কাহিনী নিয়ে আবর্তিত স্বপ্নদলের হেলেন কেলার। এতে হেলেন কেলারের নিজ শিক্ষয়িত্রী অ্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষ্যে প্রকাশিত হয় চার্লি চ্যাপলিন, মার্ক টোয়েন, কেনেডি, আইনস্টাইন প্রমুখ বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের সান্নিধ্যে তার জীবনের সমৃদ্ধির কথা। উন্মোচিত হয় পাশ্চাত্যের হেলেন কেলারের জীবনে প্রাচ্যের রবীন্দ্রনাথ ঠাকুর তথা রবীন্দ্র দর্শনের প্রবল প্রভাবের স্বরূপ। উঠে আসে নারী জাগরণ, মানবতাবাদের পক্ষে এবং যুদ্ধ ধ্বংস সহিংসতা বর্ণবাদ তথা আণবিক অস্ত্রের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থানের কথা। পাশাপাশি উচ্চকিত হয় ব্যক্তিজীবনের নানা পূর্ণতা-অপূর্ণতার সঙ্গও। 

হেলেন কেলার প্রযোজনাটি দেশের সীমা ছাড়িয়ে এরই মধ্যে ছয়টি আন্তর্জাতিক ভার্চুয়াল থিয়েটার ফেস্টিভ্যালে দর্শকনন্দিত সম্প্রচারের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে স্মরণীয় গ্রহণীয়তা পেয়েছে। ২০১৮-এ জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে, ভারতের কলকাতায় প্রাচ্য নিউ আলিপুর আয়োজিত ‘পুবের নাট্য গাথা আন্তর্জাতিক নাট্যোৎসব ২০১৮’-এ প্রদর্শনীসহ দেশে নিয়মিত সফল মঞ্চায়নের মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে নাটকটি।