বিগত কয়েক বছর বাংলা সিনেমায় বইছে পরিবর্তনের ছোঁয়া। সিনেমাপ্রেমীদেরও ভিড় দেখা যায় হলগুলোতে। সিনেমাসংশ্লিষ্টরাও সিনেমার এ পরিবর্তনে সম্ভাবনা দেখছেন বাংলা চলচ্চিত্রে। পরিবর্তন আর দর্শকের আগ্রহের মাঝে এবারের ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিনগুলোতে দর্শকের ভিড় বাড়ছে সময়ের সঙ্গে সঙ্গে। অনেকেই প্রথম দিনের প্রথম শো দেখে রিভিউ দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। নির্মাতা কৌশিক শংকর দাশ প্রথম দিনেই দেখেছেন দুটি সিনেমা। তানিম নূরের ‘উৎসব’ দেখার ইচ্ছা নিয়ে সিনেমা হলে গেলেও সঙ্গে তিনি দেখেছেন রায়হান রাফীর পরিচালনায় ‘তাণ্ডব’। দুটি সিনেমার মুগ্ধতার কথা ফেসবুকে জানিয়েছেন এ নির্মাতা।

কৌশিক শংকর দাশ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘উৎসব’ দেখতে দেখতে ভীষণ নস্টালজিক হয়ে পড়ছিলাম। একটা সময় ছিল, যখন ঈদের আনন্দ পূর্ণ হতো না প্রিয় অভিনেতাদের টিভি নাটক না দেখলে। জাহিদ হাসান, জয়া আহসান, তারিন, অপি করিম, মাহফুজ আহমেদ, মোশাররফ করিম আরো অনেকে। তাই ঈদে বড় পর্দায় এদেরই কয়েকজনকে দেখে মুগ্ধ না হয়ে উপায় আছে? এমনিতেই দারুণ অন্য রকম একটা গল্প, সেই সঙ্গে অসাধারণ সংলাপ, আর সেই সংলাপে প্রাণ দিচ্ছেন দেশসেরা অভিনেতারা।’

তিনি আরো লিখেছেন, ‘এত রসপূর্ণ আর বুদ্ধিদীপ্ত সংলাপ বাংলা সিনেমায় শেষ কবে শুনেছি, মনে পড়ছে না। অবধারিতভাবে সবাই খুব ভালো অভিনয় করেছেন, কিন্তু জাহিদ হাসান নিজেকে যেন উজাড় করে দিয়েছেন। কৌতুক কিংবা আবেগ—সব দৃশ্যেই তিনি অনবদ্য। টিজার বা ট্রেলার দেখে যারা খুব মজা পেয়েছেন, আমি নিশ্চিত, তারা কেউই নিরাশ হবেন না। ঠিক যেভাবে আজকে আমার সঙ্গে হলভর্তি দর্শক প্রাণ ভরে উপভোগ করেছেন।’

‘তাণ্ডব’ নিয়ে এ নির্মাতা লিখেছেন, ‘এবার “তাণ্ডব”। সিনেমা চলাকালে হলে দর্শকদের উন্মাদনা দেখে মনে হচ্ছিল আসলেই বক্স অফিসে তাণ্ডব ঘটাবে এ সিনেমা। একটা ভালো মেইনস্ট্রিম ব্লকবাস্টার সিনেমা হওয়ার সব উপাদান আছে “তাণ্ডব”-এ। গল্প, ঘটনাবলি খুবই প্রাসঙ্গিক। অনেক কিছুর সঙ্গে দর্শক নিজেদের মেলাতে পারবেন।’

সিনেমাটির অভিনেতাদের প্রশংসা করে কৌশিক লিখেছেন, ‘এখানেও (“তাণ্ডব”) সব ভালো ভালো অভিনেতার সমাবেশ ঘটিয়েছেন পরিচালক। আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, রোজী সিদ্দিকী, আমিনুর রহমান মুকুল প্রমুখ। শাকিব খানকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, তবে আমার মতে ফাটিয়ে অভিনয় করেছেন জয়া আহসান। সিনেমার দ্বিতীয় ভাগ, আর শেষের ১০ মিনিট দর্শকরা বহুদিন মনে রাখবে। চমকের পর চমক। আমার পাশে বসা এক তরুণ একাই সিনেমা দেখতে এসেছে। কথায় কথায় বলল, দুপুরে বন্ধুদের সঙ্গে একবার দেখে সে আরেকবার দেখতে এসেছে, শুধু শেষটা আবার দেখার জন্য। এটাই এ সিনেমার মূল শক্তি।’

গত মাসের মাঝামাঝি থেকে আলোচনায় রয়েছে পরিবারকেন্দ্রিক গল্পের সিনেমা ‘উৎসব’। চরকি প্রযোজিত ‘উৎসব’ সিনেমার ট্যাগলাইনেও ব্যবহার করা হয়েছে ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ-পরিবার ছাড়া দেখা নিষেধ’। জাহিদ হাসান, অপি করিম, জয়া আহসানসহ অনেকেই এ সিনেমায় অভিনয় করেছেন। অন্যদিকে ঈদে সবচেয়ে বেশি হলে মুক্তি পেয়েছে রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘তাণ্ডব’। সিনেমায় প্রথমবার শাকিবের সঙ্গে জুটি হয়েছেন সাবিলা নূর। এছাড়া সিনেমায় আছেন আফজাল হোসেন, জয়া আহসানসহ আরো অনেকে।