আগামী ১২ মার্চ বসছে বহুল প্রতীক্ষিত অস্কার আসর। সারা বিশ্বের চলচ্চিত্রপ্রেমীদের নজর এখন সেদিকে। ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমা নিয়ে অস্কার দৌড়ে বেশ এগিয়ে আছেন ‘মিশন ইম্পসিবল’খ্যাত টম ক্রুজ। ছয়টি ক্যাটাগরিতে অস্কারের জন্য মনোনয়ন পেয়েছে সিনেমাটি। যদিও সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পাননি এ অভিনেতা, তবে বেস্ট পিকচার ক্যাটাগরিতে প্রযোজক হিসেবে তার হাতে উঠতে পারে পুরস্কার। আরো তিনজনের সঙ্গে সিনেমাটিতে সহপ্রযোজক হিসেবে আছে তার নাম। পুরস্কারপ্রাপ্তি নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। এর মধ্যেই টম ক্রুজ ভক্তদের জন্য সুখবর হয়ে এসেছে কিংবদন্তি নির্মাতা স্টিভেন স্পিলবার্গের একটি মন্তব্য। তিনি টম ক্রুজ ও তার সিনেমা টপ গান: ম্যাভেরিকের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। একপর্যায়ে স্পিলবার্গ তাকে হলিউডের উদ্ধারকর্তা হিসেবে আখ্যায়িত করেন। সোমবার যুক্তরাষ্ট্রের বেভারলি হিলটনে অস্কার মনোনয়নপ্রাপ্তদের সম্মানে আয়োজিত প্রীতি মধ্যাহ্নভোজে দেখা হয় দুজনের।

ভারতীয় নির্মাতা কার্তিকি গনজালভেস অনুষ্ঠানের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তাতে দেখা যায়, টম ক্রুজকে উদ্দেশ করে স্টিভেন স্পিলবার্গ বলছেন, ‘তুমি হলিউডকে বাঁচিয়ে দিয়েছ। সম্ভবত তুমিই থিয়েটার ব্যবসাকে বাঁচিয়ে রাখবে।’ স্পিলবার্গের এমন সরাসরি প্রশংসায় টম ক্রুজকে লাজুক হাসতে দেখা যায়। এরপর তিনি আবার বলেন, ‘আসলেই, টপ গান: ম্যাভেরিক সম্পূর্ণ থিয়েটার ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখবে।’

কভিড-১৯ মহামারীর সময় স্তিমিত হয়ে পড়া থিয়েটার ব্যবসায় এক ঝলক সুবাতাস হয়ে এসেছিল টপ গান: ম্যাভেরিক। মহামারীর ওই সময়ে বক্স অফিসের বৈশ্বিক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আয় করা সিনেমা এটি। মোট ১০০ কোটি ডলার। ১৪৮ কোটি ডলার নিয়ে তার আগে আছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম।’ বিশ্বের ইতিহাসে মোট আয়ের দিক থেকে এর অবস্থান ১১তম। আর অভ্যন্তরীণ বক্স অফিসে মোট ৭১ দশমিক ৮ কোটি ডলার আয় নিয়ে এর অবস্থান পঞ্চম। 

১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত হলিউড সিনেমা টপ গানের সিকুয়াল ম্যাভেরিক। ২০২২ সালের মে মাসে থিয়েটারে মুক্তি পাওয়ার পর অভাবনীয় সাফল্য লাভ করে সিনেমাটি। নির্মাতা প্রতিষ্ঠান প্যারামাউন্টের দেয়া তথ্য অনুসারে দর্শকরা বারবার থিয়েটারে গিয়ে এটি দেখেছেন। মুক্তি পাওয়ার চতুর্থ সপ্তাহের মধ্যে ১৬ শতাংশ দর্শক দুবার, ৪ শতাংশ দর্শক তিনবার বা তিনের অধিক বার থিয়েটারে গিয়ে সিনেমাটি দেখেছেন। 

এসব পরিসংখ্যানে স্পষ্ট, প্রশংসার ক্ষেত্রে স্টিভেন স্পিলবার্গ মোটেই অতিরঞ্জন করেননি। তবে তিনিই একমাত্র প্রশংসাকারী নন। অনুষ্ঠানের মধ্যমণি যেন ছিলেন টম ক্রুজ। অনেকেই তার প্রশংসা করেছেন এবং তার সঙ্গে ছবি তুলেছেন।


সূত্র: ভ্যারাইটি