হলিউডের জনপ্রিয় তারকাদের একজন নিকোলাস কেজ। চার দশকে তিনি শতাধিক সিনেমা নিয়ে হাজির হয়েছেন দর্শকের সামনে। তবে জানুয়ারিতে ষাটের ঘরে পা রাখতে যাওয়া এ অভিনেতা সিনেজগৎ থেকে বিদায়ের ইঙ্গিত দিলেন সম্প্রতি। আর তিন-চারটি সিনেমার পরই গুটিয়ে নেবেন ক্যারিয়ার। এ নিয়ে ভ্যানিটি ফেয়ারকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘খুব সম্ভবত আর তিন-চারটি সিনেমা করব। আমার মনে হয়, সিনেমায় আমার যা বলার ছিল তা এর মধ্যেই বলে ফেলেছি। অভিনয়কে সাধ্য অনুযায়ী এগিয়ে নিয়েছি। এখন বিদায় জানাতে চাই।’
সিনেমার বাইরে টিভি সিরিজের মতো জায়গায় অভিনয় করতে রাজি বলে জানিয়েছেন কেজ। যদিও এখনো কোনো টিভি সিরিজে তাকে দেখা যায়নি। তবে তিনি জীবনের বাকি দিনগুলোকে পরিবারের জন্য বরাদ্দ রাখতে চান। তার বাবা মারা গেছেন ৭৫ বছর বয়সে। সে প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘বাবার বয়সকে আদর্শ হিসেবে ধরলে আর ১৫ বছর বাকি আছে। আমি বাকি সময়টা পরিবারের সঙ্গেই কাটাতে চাই। আমি আমার পরিকল্পনা গোছাতে শুরু করেছি।’
১৯৮৩ সালে ‘ভ্যালি গার্ল’-এর সফলতার পর নিকোলাস কেজ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। ১৯৯৬ সালে ‘লিভিং লাস ভেগাস’-এর জন্য ঝুলিতে তুলেছেন অস্কার। চলতি বছরেই চারটি সিনেমায় হাজির হয়েছেন তিনি, যাদের মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে ‘দ্য রিটায়ার প্ল্যান’। এর আগে ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ সংযোজন ছিল দুই বছর আগে মুক্তি পাওয়া ‘পিগ’। এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে তার চারটি সিনেমা। সম্ভবত সে সিনেমাগুলোকে গণ্য করেননি তিনি। গত মাসেই কেজ সিনেমায় অভিনয়ের ক্ষেত্র আরো কমিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন। কিছুদিন আগে বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা কোয়েন্টিন টারান্টিনো ঘোষণা দেন, তার দশম সিনেমা ‘দ্য মুভি ক্রিটিক’-এর কাজ শেষ করেই তিনি সিনেজগৎ ত্যাগ করবেন।
হলিউড রিপোর্টারকে কেজ জানান, তিনি তখনই সিনেমা করতে রাজি হয়েছেন, যেখানে মৌলিক কিছু আছে বলে মনে হয়েছে। তবে বর্তমান ক্ষেত্রে তিনি তার পরিকল্পনায় অটল থাকেন কিনা, এটা এখনো দেখার বিষয়। এখন তিনি কিছু প্রকল্পের মধ্যে ব্যস্ত সময় পার করছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘কাজ করাটাকে আমি উপভোগ করি। আমি কোনো অলস ব্যক্তির মতো বসে থাকতে চাই না। দুটি চাকরির মধ্যবর্তী সময়ে এমন সময় কাটিয়েছি। বড়জোর দুদিনের জন্য আনন্দ দেয় এটা। কিন্তু, অবশ্যই কাজে ফিরতে হয় ভালো থাকার জন্য।
সূত্র ও ছবি: দ্য হলিউড রিপোর্টার










