অভিনেতা ও নির্মাতা তারিক আনাম খান। দীর্ঘ সময় ধরে জনপ্রিয়তার সঙ্গে মিডিয়ায় কাজ করছেন তিনি। মঞ্চ, নাটক ও চলচ্চিত্রে সমান তালে কাজ করছেন তিনি। ওটিটি কনটেন্টেও তার সরব উপস্থিতি লক্ষ করার মতো। সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন এ অভিনেতা। সাক্ষাৎকার নিয়েছেন অহিদ রহমান

ওটিটিতে আপনাকে নতুন করে দেখা যাচ্ছে। কেমন লাগে এ মাধ্যম?

যেকোনো মাধ্যমেই আমার কাজ করতে কোনো আপত্তি নেই। আমি ফিল্ম, ওটিটি, টেলিভিশন নাটক সব মাধ্যমেই কাজ করি। এমনকি ইউটিউবেও কাজ করা হয়। ওটিটির বিষয়ে আলাদা করে বলতে গেলে বলতে হয়, ওটিটিতে মোটামুটি বাজেট থাকে এবং খুব যত্নসহকারে কাজ করা হয়। তাই নতুন মাধ্যম হিসেবে ওটিটির কাজ আমার কাছে অনবদ্য মনে হয় এবং এ মাধ্যম নিয়ে আমি খুব আশাবাদী।

মঞ্চ, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে আপনার দীর্ঘদিনের পথচলা। বর্তমানে মাধ্যম তিনটার অবস্থান কেমন মনে হয় আপনার?

আমি সবসময় পজিটিভ চিন্তা থেকে দেখি। মঞ্চ একটা জায়গায় স্থবির হয়ে আছে আমার মনে হয়। তবে মঞ্চে নতুন নতুন নাটক মঞ্চস্থ হলে এটা কাটিয়ে ওঠা সম্ভব। তবে টেলিভিশন নাটক নানা সংকটে ভুগছে। এর অনেক কারণও রয়েছে। আমরা টেলিভিশন নাটকের অনেক দর্শক হারিয়েছি। বর্তমানে ইউটিউবে অনেক ভালো ভালো নির্মাতা ভালো বাজেটে কাজ করছেন। কিন্তু ইউটিউব নাটকের বেলায় ভিউয়ের ওপর নজর দেয়া হয়। ফলে রোমান্টিক ও কমেডি জনরায় সীমাবদ্ধ ইউটিউবের কাজগুলো। চলচ্চিত্র নিয়ে যদি বলি, একটা সময় সিনেমা হলগুলো দর্শক খরায় ছিল। সেখান থেকে ধীরে ধীরে উন্নতি দেখা যাচ্ছে। এখন প্রতিটি সিনেমা ভিন্ন ভিন্ন স্টাইলে করা হচ্ছে এবং সেটা এখন ভালোই মনে হচ্ছে। সর্বোপরি আমাদের চলচ্চিত্রের অগ্রগতি হচ্ছে বলে আমার মনে হচ্ছে।

তরুণদের মধ্যে যারা বর্তমানে মিডিয়ায় কাজ করছে তাদের অবস্থান কেমন বলে মনে হয় আপনার?

তরুণদের নিয়ে আমি খুব আশাবাদী। সব মিলিয়ে বলতে গেলে বাংলাদেশের তরুণদের আমার কাছে সম্ভাবনাময় মনে হয়।

যেসব তরুণ অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত হতে চায়, তাদের বিষয়ে আপনার পরামর্শ কী?

তরুণ প্রজন্মের মধ্যে যারা অভিনয়ে আসতে চায় তাদের উদ্দেশে একটা কথাই বলব সর্বপ্রথম তাদের অভিনয়টা শিখতে হবে। অভিনয় না শিখে করলে অভিনয়ের বৈচিত্র্য আনা মুশকিল। মঞ্চ থেকে অভিনয়টা শিখে এলে সবচেয়ে ভালো। কারণ সেখানে একজন অভিনেতা নিজেকে আবিষ্কার করার বার বার সুযোগ পান। নতুনরা যারাই আসছে অভিনয়ে ভালো করছে। তবে অবশ্যই অভিনয়টা শিখে এবং নিজেকে তৈরি করে আসতে হবে।

ইন্ডাস্ট্রি নিয়ে আপনার নতুন কোনো ভাবনা অথবা পরামর্শ আছে কিনা?

আমাদের ইন্ডাস্ট্রি ক্রমেই ভালোর দিকে যাচ্ছে এ বিষয়ে আলাদা করে কিছু বলার নেই। তবে একজন অভিনয়শিল্পীর জন্য এটুকু বলতে চাই-একটা খারাপ সময় আসে, উত্থান-পতন হয়। তবে হাল না ছেড়ে টিকে থাকতে হবে এবং মন দিয়ে কাজ করে যেতে হবে। কীভাবে সমস্যা থেকে নিজেকে উত্তরণ করা যায়, সে জায়গাগুলোকে বারবার দেখতে হবে এবং একাগ্রচিত্তে কাজটা করে যেতে হবে।