ওয়ান্ডার ওম্যানখ্যাত গাল গাদোতকে দেখা যাবে স্নো হোয়াইটের ইভিল কুইনের চরিত্রে। স্নো হোয়াইটের লাইভ-অ্যাকশন অ্যাডাপটেশন পর্দায় আনবে ডিজনি।
এ বছর জুনে স্নো হোয়াইটের রাজকন্যার চরিত্রে র্যাচেল জাগলারের নাম নিশ্চিত হয়েছিল। ভক্তরা অপেক্ষায় ছিলেন খল রানীর ভূমিকায় কাকে দেখা যাবে তা জানতে। এবার ওয়ান্ডার ওম্যানকেই বেছে নিয়েছে ডিজনি। ইতিবাচক থেকে এবার নেতিবাচক চরিত্রে গাল গাদোত কেমন মানিয়ে নেবেন সেটা দেখতে আগ্রহী তার ভক্তরা।
জার্মান রূপকথা স্নো হোয়াইট সারা বিশ্বেই জনপ্রিয়। নানা মাধ্যমে এ গল্প নিয়ে হয়েছে অসংখ্য উপস্থাপনা। ১৯৩৭ সালে ডিজনির প্রথম অ্যানিমেশন ফিচার ফিল্ম ছিল স্নো হোয়াইটের কাহিনী নিয়েই। রানী স্নো হোয়াইটের সৌন্দর্যে ঈর্ষান্বিত হয়ে ওঠে। রানীর ছিল এক জাদুর আয়না, যে আয়নাকে তিনি প্রতিদিন প্রশ্ন করতেন দুনিয়ায় কে সবচেয়ে সুন্দরী নারী। আয়না সবসময় তাকেই সেরা সুন্দরী হিসেবে রায় দিত। কিন্তু হঠাৎ একদিন জাদুর আয়নার জবাব বদলে যায়। জানা গেল স্নো হোয়াইটই সবচেয়ে সুন্দর মেয়ে।
স্নো হোয়াইটের গল্পে নতুন এ লাইভ-অ্যাকশনের নাম এখনো চূড়ান্ত হয়নি। ছবিটি পরিচালনা করবেন মার্ক ওয়েব। তিনি দি অ্যামাজিং স্পাইডারম্যান ও ফাইভ হান্ড্রেড ডেজ অব সামার পরিচালনা করেছেন। ছবির জন্য মিউজিক তৈরি করবেন বেঞ্জ পাসেক ও জাস্টিন পল। ধারণা করা হচ্ছে, ২০২২ সালে ছবির প্রডাকশন শুরু হবে।
ডিজনির স্নো হোয়াইট লাইভ-অ্যাকশন নির্মাণের পরিকল্পনা চলছে ২০১৬ সাল থেকে। বর্তমানে ডিজনি অনেকগুলো লাইভ-অ্যাকশন নির্মাণ করছে। এর মধ্যে আছে হ্যালি বেরি অভিনীত দ্য লিটল মারমেইড, টম হ্যাংকসকে নিয়ে পিনোকিও।
স্নো হোয়াইটের মধ্য দিয়ে অ্যাঞ্জেলিনা জোলি ও কেট ব্লাশের পর ডিজনির আইকনিক খল চরিত্রে নাম লেখাবেন গাল গাদোত। ১২ নভেম্বর মুক্তি পাবে গাল গাদোতের নেটফ্লিক্সের ছবি রেড নোটিস। ছবিতে আরো অভিনয় করেছেন ডোয়াইন জনসন ও রায়ান রেনল্ডস।
সূত্র: ডেডলাইন










