ড. মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস থেকে নির্মিত শিশুতোষ চলচ্চিত্র’ ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ আগামী ২০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে। এর আগে ২০ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর মহিলা সমিতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির পোস্টার উন্মোচন ও ট্রেলার প্রকাশ করা হয়।
সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আবু রায়হান জুয়েল, চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন। প্রযোজনায় ছিল শট বাই শট ও সহ-প্রযোজনায় বঙ্গ।
বর্তমান প্রজন্মের দুই জনপ্রিয় তারকা সিয়াম ও পরীমণি চলচ্চিত্রটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন। অন্যান্য চরিত্রে শহীদুল আলম সাচ্চু, কচি খন্দকার, আজাদ আবুল কালাম, আবু হুরায়রা তানভীরসহ আরো বেশকিছু পরিচিত মুখ দেখতে পাবেন দর্শকেরা।
অ্যাডভেঞ্চার অব সুন্দরবন সিনেমায় সিয়াম আহমেদ অভিনয় করছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ‘সেক্টর এ’-এর হেড অব পাবলিক রিলেশনস প্রকৌশলী মো. জাকারিয়া জালাল। তিনি বলেন, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান স্যার ও ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান স্যারের সুদক্ষ পরিচালনায় গত চার দশক ধরে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই, যেখানে “বসুন্ধরা গ্রুপ”-এর হাত পড়েছে কিন্তু সেটা স্বর্ণ হয়ে যায়নি। বসুন্ধরা গ্রুপ চায় শিশুদের জন্য কিছু করতে, সামাজিক দায়বদ্ধতা থেকে বসুন্ধরা গ্রুপ আগামীতেও সংস্কৃতি, খেলাধুলাসহ এমন আরো অনেক কাজে পাশে দাঁড়াবে।’ অনুষ্ঠানে বাংলা ছবির নতুন এ হাওয়ায় অ্যাডভেঞ্চার অব সুন্দরবন চলচ্চিত্রটির শুভকামনা করেন তিনি। এ সময় আরো ছিলেন, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সভাপতি পদে কামাল মো. কিবরিয়া লিপু, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জলসহ অনেকে।









