শাস্ত্রীয় সংগীতের অন্যতম সেরা শিল্পী ওস্তাদ রশীদ খান। কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মঙ্গলবার ( ৯ জানুয়ারি) মারা গেছেন ওস্তাদ রশীদ খান। মাত্র ৫৫ বছর বয়সে মারা গেলেন তিনি।
রশিদ খানের প্রস্টেট ক্যানসার ধরা পড়েছিল বেশ কয়েক বছর আগে। সেই অসুস্থতা থেকে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু কিছুদিন আগে আবার অসুস্থ হয়ে পড়েন। মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হাসপাতালেই চলছিল চিকিৎসা। এর মধ্যেই মস্তিষ্কে একাধিকবার রক্তক্ষরণ হওয়ায় ঝুঁকিতে ছিল রশীদ খানের জীবন। গতকাল তার অবস্থা সংকটজনক হলে তাকে ভেন্টিলেশনে নেয়া হয়েছিল। কিন্তু বাঁচানো গেল না। বিকাল চারটার দিকে মারা যান রশীদ খান।
কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রশীদ খান। এর আগে ৫৫ বছর বয়সী এ শিল্পীকে ক্যানসারের চিকিৎসার জন্য মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে কলকাতায় নিয়ে আসা হয়। এর মধ্যেই তার মস্তিষ্কে রক্তক্ষরণ হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে জানায়, ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু তাকে বাঁচাতে পারলাম না। তিনি বিকাল ৩টা ৪৫ মিনিটে মারা গেছেন।’










