ঢাকার রাস্তায় হকারদের রোজই দেখা যায়। এখন অবশ্য কিছুটা কম। একটা সময় বিচিত্র পণ্য নিয়ে বিচিত্রভাবে হকাররা ঢাকাসহ সারা দেশের রাস্তায় ঘুরতেন। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার আয়োজনে আসছে হকারদের গান নামের একটি নাট্য পরিবেশনা। এটি পরিচালনা করেছেন যাযি আয়ুন। নাটকটি আগামীকাল ও ২১ মার্চ শিল্পকলায় মঞ্চস্থ হবে।
হকারদের গান একটি হাস্যরসাত্মক প্রচেষ্টা। এটি রাস্তার হকারদের জীবিকা ও সংগ্রামকে ফুটিয়ে তুলবে। দীর্ঘ আন্তর্জাতিক কর্মজীবনে যাযি আয়ুন সবসময় তার কাজে দৈনন্দিন জীবনের ভালোবাসা প্রকাশের চেষ্টা করেছেন। আমাদের চারপাশে যা কিছু রয়েছে তা হয়তো চোখে তুচ্ছ মনে হয়, কিন্তু আসলে এর সবকিছুই জীবনরসের মতো। একে অন্যের সঙ্গে যুক্ত করে এমন বিষয় নিয়েই তিনি কাজ করেন।
হকারদের গান আমাদের বাংলাদেশী হকারদের ঝড়ো ও রঙিন জগতে নিয়ে যায়। তিনটি গল্প আমাদের নিয়ে যায় অদ্ভুত ও হাস্যকর পরিস্থিতিতে, যেখানে ভাঙা ইংরেজি ও বাংলা ভাষার মিশ্রণ দেখা যায়। নাচ, গান, পুতুলনাচ ও ক্লাউনিং সবই এ পরিবেশনার অংশ। নাটকের চরিত্রগুলো আমাদের দারুণভাবে স্পর্শ করে এবং বিভিন্ন ত্রুটির মাঝেও হাসাতে সক্ষম হয়। বাস্তব জীবনের মতো এখানে সবসময় নৈতিকতা জয়ী হয় না, বরং হাসি টিকে থাকে।
হকাররা শহরের মধ্যে মানবতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শহরের বিশৃঙ্খল জীবনের মধ্যে তারা তাদের বিভিন্ন পণ্য সুপারমার্কেটের চেয়ে সস্তা দামে বিক্রি করে অনেকের জীবন সহজ করে তোলে। এ নাট্য পরিবেশনায় সংগীত, নৃত্য ও পুতুলের সংমিশ্রণে অভিনয়কারীরা ১৯ শতকের ফরাসি নাট্যশৈলী ‘গ্র্যান্ড গুইনিওল’-এর কৌশল ব্যবহার করেছেন।
হকারদের গান নাটকটিতে রয়েছে তিনটি গল্প, যেগুলো দৈনন্দিন জীবনের অতি পরিচিত, ‘গোপন বিষয়’, ‘চোরকে পুরস্কৃত করা’ ও ‘প্রতিযোগিতা’। অভিনয় করছেন ইমাম হোসেন, এমএস রানা, পিকে ফজল, সুরাইয়া টি. মউ।










