অভিনেত্রী সাবিলা নূর দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে নাটক ও বিজ্ঞাপনে দর্শকদের মুগ্ধ করে আসছেন। তারই ধারাবাহিকতায় চলতি বছরেই ঢাকাই সিনেমার শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে নিজের ব্যক্তিত্ব ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন সাবিলা। সেখানে তিনি জানান, ব্যক্তিগত জীবনে তিনি কিছুটা অন্তর্মুখী স্বভাবের। তার ভাষায়, ‘যারা হয়তো আমাকে ব্যক্তিগতভাবে চেনেন না, তারা জানেন না আমি শুরু থেকেই অনেকটা ইন্ট্রোভার্ট। অনেক সময় নতুন জায়গায় গিয়ে নার্ভাস হয়ে যাই।’
অভিনেত্রীর মতে, এই ইন্ট্রোভার্ট স্বভাবের কারণেই নতুন পরিবেশে মানিয়ে নিতে তার কিছুটা সময় লাগে। তবে কাছের মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে উঠলে তিনি একেবারেই ভিন্ন একজন হয়ে ওঠেন।
সিনেমায় নতুন যাত্রা প্রসঙ্গে সাবিলা বলেন, ‘আমি এখন ভালো একটি সিনেমা করেছি, মানুষ দেখছেন এবং পছন্দ করছেন। কিন্তু হয়তো এক বছর পর যদি ভালো কোনো কাজ না আসে, তখন মানুষ হয়তো আমাকে মনে রাখবে না।’










