দুলকার সালমান তার অভিনয় দিয়ে নিজেকে পার করে গেছেন অনেক আগেই। মামুথির এ পুত্র মালয়ালম সিনেমার জনপ্রিয় অভিনেতা। কিন্তু সে পরিচয় ছাড়িয়ে এরই মধ্যে ভারতের অন্যান্য ইন্ডাস্ট্রিতেও নিজের ছাপ রেখেছেন। বলিউডেও তিনি অভিনয় করেছেন। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘কারওয়ান’ সিনেমায় তাকে দেখা গিয়েছিল ইরফান খানের সঙ্গে। আকর্শ খুরানা পরিচালিত সিনেমাটিতে দুলকারের সঙ্গে অভিনয় করেছিলেন মিথিলা পালকার ও নাগার্জুনের স্ত্রী অভিনেত্রী অমলা আক্কিনেনি। বলা যায়, মূল ধারার বলিউডে এ সিনেমা দিয়েই অভিষেক হয়েছিল দুলকারের। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘কুরুপ’ একাধিক ভাষায় মুক্তি পেয়েছিল। এবার তিনি ইঙ্গিত দিলেন, প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’তে থাকার সম্ভাবনার।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তেলেগু অভিনেতা নানি বলেছিলেন, ‘আমার জানা মতে, একমাত্র প্যান-ইন্ডিয়ান তারকা দুলকার সালমান।’ এ কথার বিপরীতেই দুলকার ইঙ্গিত দিয়েছেন নাগ অশ্বিনের সিনেমাটিতে তিনি থাকতে পারেন। এ মাসে মুক্তি পাচ্ছে দুলকার অভিনীত সিনেমা ‘কিং অব কোঠা’। এ সিনেমার প্রচারণা করছিলেন তিনি। তেলেগু মিডিয়ার সঙ্গে একটি কথোপকথনে দুলকার কল্কি ২৮৯৮ এডি সিনেমার প্রসঙ্গ আসে। প্রশ্নকর্তা দুলকারের কাছে জানতে চেয়েছিলেন, নাগ অশ্বিনের সিনেমাটির সঙ্গে দুলকারের সংযোগ কতটা। দুলকার বলেন, ‘আমি এখনই প্রজেক্ট কে (সিনেমাটিকে এ নামেও প্রকাশ করা হয়) সম্পর্কে বেশি কিছু বলতে পারব না। তবে এটা বলতে পারি যে সিনেমার সেটে গিয়ে আমি উড়ে গিয়েছিলাম। আমার মনে হয় যে বিস্তৃত কাজ এখানে হয়েছে, তা নাগ অশ্বিনের পক্ষেই চিন্তা করা সম্ভব। সে এমন একজন নির্মাতা যে কখনো অবাক করতে ব্যর্থ হয় না। এ সিনেমায় তো ভবিষ্যতের কথা বলা হচ্ছে। সেট খুবই সুন্দর বানিয়েছে সে।’
সিনেমা নির্মাণের সময় অভিনেতারা অনেক সময়ই সেটে গিয়ে থাকেন। দুলকার এর আগে নাগ অশ্বিনের সিনেমায় অভিনয় করেছেন। অশ্বিনের সঙ্গে তার সম্পর্ক অন্তরঙ্গ। দুলকার নাগ অশ্বিনকে নাগি বলে সম্বোধন করেন। সে হিসেবে সেটে যাওয়া কোনো বড় বিষয় নয়। কিন্তু এর পরই দুলকার বলেন, ‘সিনেমায় আমাকে দেখা যাবে কিনা, সেটা আমি জানি না।’ এ কথা বলে দুলকার যেভাবে হেসেছেন, তাতেই অনেকের মনে হচ্ছে সিনেমায় দুলকারের ক্যামিও থাকতে পারে।
কল্কি ২৮৯৮ এডি নাগ অশ্বিনের ড্রিম প্রজেক্ট। সিনেমায় অভিনয় করছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান ও দিশা পাটানি। এ অভিনেতাদের সঙ্গে দুলকার সালমান যুক্ত হলে সিনেমা নতুন মাত্রা পাবে। নাগ তার সিনেমা নিয়ে চলে গেছেন ভারতের বাইরেও। সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছিল সান দিয়েগো কমিক-কনে। ফার্স্ট লুকে দুলকারকে দেখা যায়নি।
দুলকার সালমান এ সিনেমায় না থাকলেও তার হাতে মিশনের শেষ নেই। গতকাল থেকে নেটফ্লিক্সে স্ট্রিম হচ্ছে ‘গানস অ্যান্ড গুলাবস’। সিরিজটি নির্মাণ করেছেন বর্তমান ভারতের অন্যতম জনপ্রিয় নির্মাতা জুটি রাজ অ্যান্ড ডিকে। আশির শেষ ও নব্বইয়ের দশকের পটভূমিতে নির্মিত সিরিজে আরো আছেন রাজকুমার রাও, গুলশান দেভাইয়া ও আদর্শ গৌরব। কমেডি ধাঁচের পাশাপাশি সিরিজে আছে স্থানীয় সন্ত্রাস, গ্যাং ও মারামারির গল্প। সিরিজে দুলকার অভিনয় করেছেন অর্জুন চরিত্রে। স্ট্রিম শুরু হওয়া থেকেই ভালো রিভিউ পাচ্ছে সিরিজটি।
এদিকে মাসের শেষ সপ্তাহে মুক্তি পাচ্ছে অবিনাশ যোশী পরিচালিত সিনেমা ‘কিং অব কোঠা’। অবিনাশের এটি প্রথম ফিচার ফিল্ম। মালয়ালমে নির্মিত সিনেমাটি তামিল, তেলেগু ও হিন্দিতেও মুক্তি পাবে। অ্যাকশন-প্যাকড এ সিনেমায় দুলকার অভিনয় করছেন রাজেন্দ্র চরিত্রে। কুরুপের কিছুটা ছাপ আছে, তবে বোঝা যাচ্ছে নতুন একটি গল্পই বলতে চাচ্ছেন অবিনাশ। সিনেমাটিতে দুলকারের বিপরীতে আছেন ঐশ্বরিয়া লক্ষ্মী। তার এ মিশন শুরু হচ্ছে ২৪ আগস্ট। সিনেমাটি সেদিনই মুক্তি পাবে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










