কেড়ে নেয়া হতে পারে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের রাজকীয় খেতাব। বাকিংহাম প্যালেস থেকে এ কথা জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানায়, তারা যদি রাজপরিবারের বিরুদ্ধে অভিযোগ করা বন্ধ না করেন, তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে। হ্যারি অ্যান্ড মেগান নামের নেটফ্লিক্স শোয়ে তাদের উপস্থাপিত নানা তথ্য ও মন্তব্যের পরিপ্রেক্ষিতে এ সতর্কবাণী দেয়া হয়।
জানানো হয় রাজা চাইলে হ্যারি ও মেগানের রাজকীয় খেতাব কেড়ে নেয়া সম্ভব। এক্ষেত্রে ‘হিজ/হার হাইনেস’ ব্যবহারে তাদের নিষেধাজ্ঞা দেয়ার সম্ভাবনা রয়েছে। প্রয়াত রানী তাদের উদ্দেশ্য করে এমন কথা বলেছিলেন। এছাড়া কোনো বাণিজ্যিক অনুষ্ঠান বা কনটেন্টের ক্ষেত্রে ‘রয়্যাল’ শব্দটি ব্যবহার করতে পারবেন না।
প্রাসাদ কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, ‘ডায়নার করা ভুলগুলোর পুনরাবৃত্তির বিষয়টি চার্লস খুবই সতর্কতার সঙ্গে দেখবেন। বিচ্ছেদের পর তার কাছ থেকে হার হাইনেস কেড়ে নেয়ার পর রাজপরিবার সম্পর্কে তার বিবৃতির ধারা বদলে যায়। হ্যারির ক্ষেত্রে এ ধরনের কিছু করা হলে পরিণতি কী হবে? তারা অপরাহ উইনফ্রের শোয়ে গিয়ে বলবে, তার মায়ের সঙ্গে যা করা হয়েছে তার সঙ্গেও একই কাজ করা হলো। তারা নিজেদের ভিকটিম হিসেবে উপস্থাপন করবে।’ বাকিংহাম প্যালেসের একজন সাবেক কর্মী বলেছেন, ‘মেগানের জন্য এটা নিছক একটা খেলা।’
মেগান ও হ্যারি দম্পতি রাজপরিবার ও প্রাসাদের নিয়মের তোয়াক্কা করেন না বললেই চলে। আগামী মে মাসে প্রিন্স চার্লসের অভিষেক হওয়ার কথা। সে অনুষ্ঠানেও এ দম্পতির অংশগ্রহণ নিশ্চিত নয়। তবে নেটফ্লিক্স শোয়ের এ বিতর্ক থাকা সত্ত্বেও তাদের আমন্ত্রণ জানানো হবে।
সূত্র: ইয়ন










