বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খানকে নিয়ে এবার তৈরি হচ্ছে ডকুমেন্টরি ‘বিয়ন্ড দ্য স্টার’। অভিনেতার ক্যারিয়ারের চড়াই-উতরাই দেখানোর পাশাপাশি এতে উঠে আসবে মানুষ হিসেবে সালমান খান কেমন সেই দিকটাও। এছাড়া দেখানো হবে সালমানের ছোটবেলার অদেখা দুর্লভ সব ছবি ও ভিজ্যুয়াল।

এ প্রজেক্টের এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানিয়েছে, ‘ভাইজান সম্পর্কে ভক্তদের জানার আগ্রহ সর্বদা প্রবল। কিন্তু তার জীবন নিয়ে জানার উপায় তেমন ছিল না।’

ধারণা করা হচ্ছে, সালমানকে নিয়ে অজানা গল্প শোনাবেন বাবা সেলিম খান, ভাই আরবাজ ও সোহেলসহ পরিবারের অন্য সদস্যরাও। পাশাপাশি ভারতীয় ইন্ডাস্ট্রিতেও সালমানের প্রিয় মানুষের সংখ্যাও কম নয়। ‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার নায়িকা ভাগ্যশ্রী থেকে শুরু করে ‘রাধে’-র নায়িকা দিশা পাটানি, আরো অনেক অভিনেত্রী সল্লুকে নিয়ে তাদের খোলামেলা মতামত জানাবেন।

এছাড়া মানুষ এবং অভিনেতা হিসেবে সালমান খান কেমন সেই গল্প শোনাবেন প্রযোজক ও পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা, ডেভিড ধাওয়ান, সুরজ বরজাতিয়া, সঞ্জয় লীলা বানসালি, সুভাস ঘাই ও প্রভুদেবা।

সালমানের সঙ্গে যারা কাজ করেছেন তারা প্রায় প্রত্যেকেই সালমানের সম্পর্কে বলতে চান। হিমেশ রেশমিয়া ও কামাল খানের মতো গায়ক যারা সালমানের সহযোগিতায় ক্যারিয়ার গড়েছেন, তারাও শোনাবেন সল্লুর গল্প।

শোনা যাচ্ছে, ডকু সিরিজে সালমানের শৈশবের নানা অজানা কথাও উঠে আসবে। প্রামাণ্যচিত্রে খান পরিবারের অ্যালবামের ছবি দেখার সুযোগ পাবেন সিনেপ্রেমীরা। আর সেসব ছবি জুড়ে থাকবেন ছোট্ট সালমান।

 

সূত্র: বলিউড হাঙ্গামা