অনিল কাপুর, আদিত্য রয় কাপুর, সোবিতা ধুলিপালা ও দ্য নাইট ম্যানেজারের অন্য সদস্যরাও সম্প্রতি হাজির হয়েছিলেন কপিল শর্মার শোতে। এ শোতে অনিল কাপুর তার পোশাকপ্রীতি নিয়ে একটি ঘটনার স্মৃতিচারণ করেছেন। কপিল শর্মা শোয়ের পর্বটি থেকে একটি ভিডিও ক্লিপে অনিল কাপুরকে এ বিষয়ে কথা বলতে দেখা গেছে। 

কপিল শর্মা শুরুতে অনিল কাপুরের পোশাকের প্রশংসা করেন। কপিল বলেন, ‘আপনার স্যুট ও নাইট স্যুট দেখেছি, আপনার পোশাকে একটা আন্তর্জাতিক ভাইব ছিল!’ কপিলের এ কথা শুনে হেসে অনিল কাপুর জবাব দেন, ‘আমি তো নাইট স্যুটে ছিলাম না।’ 

কপিল তখন বলেন, ‘‌আপনি এমন স্টাইলিশ পোশাক পরেন। এগুলো কি চিত্রনাট্যের অংশ, নাকি আপনি এমন ধরনের পোশাকের দাবি করেন?’ অনিল সঙ্গে সঙ্গে জবাব দেন, এগুলো আমার দাবি। 

কপিল এর পর আরেক দফা অনিল কাপুরের প্রশংসা করে বলেন, ‘শোতে আপনাকে খুব ড্যাশিং লাগছিল।’ এ পর্যায়ে সালমান খানের সঙ্গে নিজের একটি ঘটনার কথা শোনান অনিল কাপুর। তিনি আর সালমান একটি সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন। একসময় অনিলের পোশাকের বিল আসে, টাকার পরিমাণটা ছিল অনেক। বিলের পরিমাণ দেখে সালমান চমকে গিয়েছিলেন। সালমান বলেছিলেন, ‘‌পোশাকের জন্য এত বিল আমার পুরো ক্যারিয়ারে আসেনি।’ সালমানের কথা শুনে অনিল বলেছিলেন, ‘‌তুমি তো দেখতে খুব সুন্দর, তাই জিন্স আর টি শার্টে তোমার চলে যায়। কিন্তু আমাকে ভালো দেখাতে সুন্দর পোশাক পরতে হয়।’

ওয়েব সিরিজ দ্য নাইট ম্যানেজারে অভিনয় করেছেন অনিল কাপুর, আদিত্য রয় কাপুর, সোবিতা ধুলিপালা। সিরিজটি প্রচার হচ্ছে ডিজনি প্লাস হটস্টারে। এটি একই নামের একটি ব্রিটিশ টেলিভিশন শোয়ের হিন্দি রিমেক। সিরিজটি নির্মিত হয়েছে বিখ্যাত ঔপন্যাসিক জন লা ক্যারের উপন্যাস অবলম্বনে। ব্রিটিশ সিরিজে মূল চরিত্রে ছিলেন টম হিডেলস্টোন। 

অনিল কাপুরকে সামনে দেখা যাবে সন্দীপ বাঙ্গার থ্রিলার সিনেমা অ্যানিমেলে। সিনেমায় মুখ্য চরিত্রে আছেন রনবীর কাপুর, সঙ্গে আছেন ববি দেওল ও রশ্মিকা মান্দানা। এছাড়া হৃতিক রোশন ও দিপীকা পাড়ুকোন অভিনীত ফাইটার সিনেমায়ও থাকবেন অনিল কাপুর। 


সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস