জার্মান লেখক হাইনার মুলারের জনপ্রিয় নাটক ‘হ্যামলেট মেশিন’ প্রথমবারের মতো ঢাকার মঞ্চে আনছে নবগঠিত নাট্যদল ‘এক্টোম্যানিয়া’। এটি তাদের প্রথম প্রযোজনা। ১১ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় হ্যামলেট মেশিনের উদ্বোধনী মঞ্চায়নের মধ্য দিয়ে ঢাকার মঞ্চে দলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এ সময় উপস্থিত থাকবেন দেশের জনপ্রিয় নাট্যব্যক্তিত্ব সারা যাকের।
মুলারের এ নাটকের মধ্য দিয়ে উঠে এসেছে সমকালীন যুদ্ধবিধ্বস্ত ইউরোপ, নারী নির্যাতন, বাণিজ্যিক সভ্যতা আর সমাজের নানা অগ্রগতির চিত্র। নাটকটি বাংলায় অনুবাদ করেছেন প্রয়াত জাতীয় অধ্যাপক কবির চৌধুরী। তেজগাঁও কলেজ থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক নওরীন সাজ্জাদ এ নাটকের নির্দেশনা দিচ্ছেন।
নাটকটি নিয়ে নির্দেশক বলেন, ‘জটিল প্রতীকাবলি, বিচিত্র উপমা, স্থান-কালের সংকলন-প্রসারণ নাটকটির সময়ের কাঠামো ভেঙে একে সমসাময়িক করে তুলেছে। সমাজের অস্থিরতা, ব্যক্তিগত হতাশা, আন্তঃসম্পর্কের টানাপড়েন সব মিলিয়ে অত্যন্ত প্রাসঙ্গিক হয়েছে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে নাটকটি করা। হ্যামলেট মেশিন মঞ্চে আনার জন্য সত্যিই সাহসের প্রয়োজন। এক্টোম্যানিয়ার সদস্যরা এ সাহস করেছেন এবং আমি তাদের এ দুঃসাহসিক যাত্রায় সহযাত্রী হিসেবে থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আশা করছি দর্শকরা নিরাশ হবে না।’
গত ১৫ অক্টোবর থেকে এক্টোম্যানিয়া নাটকটির মহড়া শুরু করেছে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সায়েম সিজান, আমির হামজা আকাশ, তালহা জুবায়ের, সাগর বড়ুয়া, জয়ব্রত বিশ্বাস, পারিশা মেহজাবিন, মাঈশা কাশপিয়া অদ্রি, সানজিদা সাফরিন প্রমুখ।










