পরিচালক হিসেবে তার খ্যাতি আছে। কিন্তু নিজেকে তিনি অভিনেতা ভাবতেই বেশি পছন্দ করতেন। ২০১৮ সালে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘জীবনে আমি ১৫টি সিনেমা পরিচালনা করেছি। কিন্তু মনেপ্রাণে আমি মূলত একজন অভিনেতা। ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করা আমাকে বেশি তৃপ্তি দেয়। সিনেমা পরিচালনা ও প্রযোজনার জন্য আমি দিনরাত পরিশ্রম করি, কিন্তু শেষ নিশ্বাস পর্যন্ত আমি অভিনেতাই থাকব।’

বুধবার ৬৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা সতীশ কৌশিক। দিল্লিতে ভ্রমণরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নেন তিনি। সতীশ কৌশিক একাধারে ছিলেন অভিনেতা, লেখক, পরিচালক, প্রযোজক, কমেডিয়ান ও সংগীতজ্ঞ। তবে সবকিছুর ঊর্ধ্বে তিনি নিজেকে সবসময় অভিনেতা হিসেবেই পরিচিত করিয়েছেন।

পাঞ্জাবের মহেন্দ্রনগর জেলার অদূরে ছোট একটি গ্রামে ১৯৫৬ সালে তার জন্ম। তরুণ বয়সেই অভিনেতা হওয়ার আকাঙ্ক্ষা জাগে তার মনে। প্রায়ই বাড়ির উঠানে রাখা চারপায়ায় শুয়ে বিশাল আকাশের দিকে তাকিয়ে থাকতেন যুবক সতীশ। মুম্বাই গিয়ে অভিনেতা হওয়ার স্বপ্ন দেখতেন। একদিন সাহস করে বাবা-মাকে বলেই ফেললেন স্বপ্নের কথা। ঘোষণা দিলেন, একদিন তিনি বড় অভিনেতা হবেন। 

স্বপ্নটুকু সম্বল করে সত্যিই একদিন মুম্বাই চলে এলেন সতীশ কৌশিক। প্রথমে প্রডাকশনের ছোটখাটো কাজ করতেন। একদিন ছোট একটি চরিত্রে অভিনয়ের সুযোগ ঘটে। স্মিতা পাতিল অভিনীত সিনেমাটির নাম ছিল চক্র (১৯৮১)। রাজকুমার সন্তোষী ছিলেন সিনেমাটির একজন সহকারী পরিচালক। প্রথম সুযোগেই নিজের জাত চিনিয়েছিলেন। সে সময়ের স্মৃতিচারণ করে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘সিনেমায় আমার চরিত্রটি ছিল একেবারেই ছোট। একটি দৃশ্যধারণের সময় রাজকুমার সন্তোষী আমার কাছে এসে বললেন, ‘‌তুমি একজন ভালো অভিনেতা’। কথাটি এখনো আমার মনে গেঁথে আছে। স্বপ্ন পূরণের জন্য কেবল একটু সহায়তা ও উৎসাহ লাগে।’

ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন সতীশ কৌশিক। ফিল্ম স্কুলের স্মৃতিচারণ করে একবার তিনি বলেছিলেন, ‘থিয়েটার ইনস্টিটিউটে আমরা সিনেমার স্বপ্ন দেখতাম। অ্যাকটিং ক্লাসে সম্পূর্ণ ফিল্মি স্টাইলে অভিনয় করতাম। আমরা বিনোদ খান্না ও অমিতাভ বচ্চনের সিনেমা নিয়ে কথা বলতাম।’ 

শেখর কাপুর পরিচালিত মিস্টার ইন্ডিয়া সিনেমায় সতীশ কৌশিক প্রথম উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেন। কুন্দন শাহ পরিচালিত কাল্ট কমেডি ঘরানার সিনেমা ‘জানে ভি দো ইয়ারো’তে অনবদ্য অভিনয় করেন তিনি। কমেডিয়ান হিসেবে নব্বইয়ের দশকজুড়ে ঘরে ঘরে ছিল সতীশ কৌশিকের নাম। ১৯৯৩ সালে পরিচালনায় হাতেখড়ি হয় তার। তেরে নাম ও হাম আপকে দিল মে রেহতে হ্যায় তার পরিচালিত সিনেমার মধ্যে অন্যতম। তার পরিচালিত সর্বশেষ সিনেমা কাগজ (২০২১)।

সতীশ কৌশিকের মৃত্যুতে বলিউডে বিরাজমান শোকের ছায়া। 


সূত্র: টাইমস অব ইন্ডিয়া