দেশের দুই জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও কোনাল। এ দুই শিল্পী যাত্রা শুরু করেছিলেন একই রিয়েলিটি শোয়ের মঞ্চ থেকে। এরপর দর্শকের ভালোবাসায় আর ফিরে তাকাতে হয়নি তাদের। একসঙ্গে একাধিক জনপ্রিয় সিনেমায় ছবিতে প্লে-ব্যাক করেছেন তারা। সেসব গান শ্রোতাপ্রিয় হয়েছে। কাজের স্বীকৃতি হিসেবে দুজনেই অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

নতুন খবর হলো একযুগের ক্যারিয়ারে ইমরান-কোনাল প্রথমবার একসঙ্গে মিউজিক ভিডিও করলেন। তাদের দ্বৈত কণ্ঠে গাওয়া গানটির নাম ‘মন ময়ূরী’। সুর-সংগীত করেছেন শাহরিয়ার মার্সেল, লিখেছেন মানজু মান আরা। সেই সঙ্গে থাকছে আদিবাসীদের আঞ্চলিক গানের কিছু কথা।

কোনালের সঙ্গে প্রথম মিউজিক ভিডিওর অভিজ্ঞতা খুব ভালো উল্লেখ করে ইমরান বলেন, ‘আমি রোমান্টিক ভিডিও বেশি করি। কিন্তু এটা ওই টাইপের গান, ভিডিও না। ফান ডান্স মিলিয়ে খুবই রিদমিক একটি গান। সবার ডান্স পারফর্মের জন্য উপযোগী গান। আমার মনে হয় নতুন কম্বোটা ভালো লাগবে এবং স্ক্রিনে আমাকে ও কোনালকে দেখলে সব শ্রেণীর দর্শকের ভালো লাগবে।’

ব্যাটে-বলে মেলেনি বিধায় এতদিন একসঙ্গে মিউজিক ভিডিও করা হয়নি ইমরান-কোনালের। নতুন গানটি প্রসঙ্গে কোনাল বলেন, ‘আমি এমনিতেই মিউজিক ভিডিও কম করি। কারণ ভিডিওতে গেলে নাচতে হয়। আর আমি 

নাচতে মোটেও স্বাচ্ছন্দ্যবোধ করি না। এজন্য আগে টুকটাক যে মিউজিক ভিডিও করেছি, ডান্স থাকে বলে ভিডিওতে আসিনি।’

ইমরান-কোনালের মিউজিক ভিডিওটি পরিচালনা করেন সৈকত রেজা। বিয়ের মৌসুম, ভ্যালেন্টাইন পাশাপাশি বসন্ত—এ সবকিছুকে টার্গেট করেই বানানো হয়েছে গানটি। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আগামীকাল সিএমভির ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ পেতে যাচ্ছে।