টাইম ম্যাগাজিনের সাম্প্রতিক মলাটে স্থান পেয়েছেন অনিল কাপুর। তিনি একা নন, আছেন আরো অনেকে। ম্যাগাজিনের এবারের সংখ্যাটি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রভাবশালী ১০০ জনকে নিয়ে। প্রশ্ন হলো, সেখানে অনিল কাপুর আসেন কেমন করে?

মূলত গত বছর সেপ্টেম্বরে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে অনিল কাপুর একটি যুগান্তকারী ঘটনা ঘটান। তার নাম, কণ্ঠ বা বিশেষ সংলাপ ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কোনো কনটেন্ট বানানোয় নিষেধাজ্ঞা দেন দিল্লি হাইকোর্ট। এ সূত্রে ভ্যারাইটির সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন অনিল কাপুর। সেখানে তিনি বলেন, ‘কোর্টের রায়ে আমি সন্তুষ্ট ও খুশি। এছাড়া বিষয়টা শুধু আমার না, আরো অনেকের জন্যই ভালো হবে।’

টাইম ম্যাগাজিন এ ধরনের নানা ইস্যু ধরেই সংখ্যাটির মলাটে অনেককে রেখেছে। কভারটি পোস্ট করে অনিল লিখেছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করেন এমন অনেক দূরদৃষ্টিসম্পন্ন মানুষের মধ্যে নিজেকে দেখে আমি আপ্লুত। ধন্যবাদ জানাচ্ছি টাইম ম্যাগাজিনকে, আমাকেও তাদের মধ্যে যুক্ত করার জন্য।’

সূত্র: হিন্দুস্তান টাইমস