একজন সফল ও জনপ্রিয় অভিনেত্রী হিসেবে অভিনয় ক্যারিয়ারের সাফল্যের শীর্ষ সময়ে অবস্থান করছেন এ প্রজন্মের অভিনেত্রী সাবিলা নূর। ভালো গল্পে অভিনয় করার প্রত্যয়ে থাকা সাবিলা নূর ভালো গল্পের জন্যই অপেক্ষা করেন। এর মধ্যে সম্প্রতি তিনটি নাটকের কাজ শেষ করেছেন সাবিলা। এগুলো হচ্ছে অনন্য ইমনের ‘দূষিত এই শহরে’, রাগীব পিয়ালের ‘মাকড়সা’ ও মুরসালিন শুভর ‘রাত বাকি’। তিনটি নাটকই ঈদুল আজহায় প্রচার হওয়ার কথা। 

দুটি নাটকে সাবিলার বিপরীতে আছেন শ্যামল মাওলা ও সুদীপ বিশ্বাস দীপ। একটি নাটকে বিশ্ববিদ্যালয়ের থিয়েটার কর্মীরা অভিনয় করেছেন। নাটকগুলো প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘তিনটি নাটকের গল্পই এক কথায় চমৎকার। গল্পগুলো নিয়ে আমি আশাবাদী। যেহেতু আমি ভালো গল্পের প্রতীক্ষায় থাকি, সে কারণে ভালো গল্প পেলেই অভিনয় করি। দূষিত এ শহরে, মাকড়সা ও রাত বাকি তিনটি নাটকেরই গল্প দর্শকের ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। তিনজন নির্মাতাই ভীষণ যত্ন নিয়ে নাটক তিনটি নির্মাণ করেছেন। আমি আমার চরিত্রগুলোয় একদম শতভাগ চরিত্রানুযায়ীই হয়ে ওঠার চেষ্টা করেছি, যা সবসময়ই আমার মধ্যে থাকে।’ 

সাবিলা নূর জানান, তিনি থাইল্যান্ড ভ্রমণ করছেন। ২২ মে দেশে ফিরবেন। দেশে ফিরে আরো দুই-তিনটি ঈদের নাটকে কাজ করবেন। এরই মধ্যে সাবিলা নূর অলোক হাসানের পরিচালনায় ‘মৎস্য কন্যা’ নাটকে দুর্দান্ত অভিনয় করেছেন। এতে সহশিল্পী ফজলুর রহমান বাবুর সঙ্গে তার অভিনয় ভীষণ উপভোগ করেন দর্শক। এ নাটকে ভার্সেটাইল চরিত্রে সাবিলা নূরের অভিনয় তাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। এছাড়া সাম্প্রতিক সময়ে অনন্য ইমনের ‘মুখোমুখি অন্ধকার’, মাশরিকুল আলমের ‘কি ভুল ছিলো’ নাটকে অভিনয় করেও প্রশংসিত হন। জনপ্রিয় অভিনেতা অপূর্বর বিপরীতে সাবিলা নূরের প্রকাশিত সর্বশেষ নাটক ছিল রুবেল হাসানের ‘মনের কোলাহল’।