জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় মেঘবালিকা নাটকে জুটি হয়ে ফিরছেন অপূর্ব-নীহা। এটি প্রচার হবে ধূপছায়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। 

‘মন-দুয়ারী’র মতো ‘মেঘবালিকা’ নাটকেও দেখা যাবে পারিবারিক মূল্যবোধ ও প্রেমবিষয়ক গল্প। এবারের গল্পে দেখা যাবে আবিদ (অপূর্ব) নায়লার (নীহা) থেকে অনেক সিনিয়র। তবু নায়লা আবিদের প্রেমে পড়ে যায়। সে এক গভীর পাগলামি প্রেম। ইন্টারমিডিয়েটে পড়া একজন বালিকার প্রেম যতটা তীব্র হতে পারে, ঠিক ততটাই। 

সম্পর্কে আবিদ নায়লার বড় ভাইয়ের বন্ধু। সে বন্ধুত্ব খুবই গাঢ়। এতটাই গাঢ় যে আবিদকে নায়লার ভাই ও বাবা-মা নিজেদের পরিবারের সদস্য মনে করেন। তাই নায়লার প্রেমের পাগলামি একদিন পারিবারিক সম্পর্ককে হুমকির মুখে ফেলে দেয়। মন-দুয়ারী ও মেঘবালিকা পাশাপাশি নির্মাণ হয়েছে। কিন্তু বিষয়টি গোপন রাখা হয়েছিল। কারণ মন-দুয়ারীর পর চমক হিসেবে মেঘবালিকার ঘোষণা দেয়ার প্ল্যান ছিল আগে থেকেই।

মেঘবালিকা নাটক সম্পর্কে জাকারিয়া সৌখিন বলেন, ‘এবারের গল্পটি মূলত প্রেমের। ছটফটানি টাইপের প্রেম। কিছুটা অস্থির, কিছুটা ইমোশনাল আর কিছুটা যন্ত্রণার। আমাদের চারপাশে এমন সম্পর্ক অনেক আছে। তাই গল্পটির সঙ্গে বাস্তবতার অনেক মিল রয়েছে।’ 

এ নাটকের মাধ্যমে অপূর্ব-নীহা দ্বিতীয়বার জুটি হয়ে ফিরছেন। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘আমরা আসলে তিনটি নাটক করতে চেয়েছিলাম। কিন্তু করতে পেরেছি দুটি। আরেকটা আপাতত হচ্ছে না। তবে এটুকু বলতে পারি, মেঘবালিকা নাটকটি মন-দুয়ারীর মতোই জমজমাট হবে।’

মেঘবালিকা নাটক নিয়ে অপূর্ব বলেন, ‘এটা সুন্দর একটি নাটক। সৌখিন বরাবরের মতোই খুব যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছে। নীহা ভালো অভিনয় করেছে। এখন ওর যে ধরনের চরিত্রে অভিনয় করা দরকার, এ নাটকে ঠিক সেটিই পেয়েছে। সব মিলিয়ে দারুণ একটি নাটক। ঈদের আয়োজনে এমন নাটকই দেখতে চায় দর্শক। আমার বিশ্বাস, সবাই এক বসায় নাটকটি তৃপ্তি নিয়ে দেখবে।’ 

নাজনীন নীহা মেঘবালিকা নিয়ে বলেন, ‘আসলে আমি ক্যারিয়ারের শুরুর দিকে আছি। এ সময় অপূর্ব ভাইয়ের সঙ্গে পরপর দুটি নাটকে অভিনয় করতে পেরেছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। মেঘবালিকা নাটক নিয়ে আমি খুবই এক্সাইটেড। আমার বিশ্বাস, মন-দুয়ারীর মতো মেঘবালিকাও দর্শকের মন জয় করে নেবে।’

নাটকটিতে আরো অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, সমু চৌধুরী, মিলি বাশারসহ অনেকে। মেঘবালিকা অপূর্ব-নীহা-সৌখিন ত্রয়ীর দ্বিতীয় নাটক। গত ভ্যালেন্টাইনে তাদের মন-দুয়ারী তুমুল দর্শকপ্রিয়তা পেয়েছিল।