মন্দিরা চক্রবর্তী অভিনীত প্রথম সিনেমা ‘কাজলরেখা’। সিনেমাটি গত ঈদে মুক্তি পেয়েছিল দেশের প্রেক্ষাগৃহে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন মন্দিরা। এদিকে এরই মধ্যে মিঠু খানের পরিচালনায় মন্দিরা চক্রবর্তী শেষ করেছেন তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘নীল চক্র’র কাজ।
মন্দিরা জানান, এরই মধ্যে সিনেমাটির ডাবিংয়ের কাজ শেষ করেছেন। কিছুদিন আগে একটি পোস্টার প্রকাশের মধ্য দিয়ে এ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ হয়। তাতে মন্দিরা ও আরিফিন শুভর লুক বেশ প্রশংসিত হয়। অভিনয় নিয়ে মন্দিরা বলেন, ‘শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সব ভক্ত দর্শকের প্রতি। অনেকেই ফেসবুকে তাদের ভালো লাগা প্রকাশ করেছে। একজন অভিনেত্রী হিসেবে আমি আমার নিজের অভিনয়ের বিচার করতে পারছি যে আগামীতে আমাকে আরো ভালো অভিনয় করতে হবে। পরবর্তী সিনেমাগুলোয় আমি আরো ভালোভাবে নিজেকে উপস্থাপনের চেষ্টা করছি।’
এখন তিনি দ্বিতীয় সিনেমার কাজ শেষ করেছেন। এখানেও তিনি নিজের কাজটা মন দিয়ে করেছেন। এ নিয়ে মন্দিরা বলেন. ‘নীল চক্রতে আমার যে চরিত্র, তাতে আমি অনেক মনোযোগী ও সতর্ক থেকে অভিনয় করার চেষ্টা করেছি।’
নতুন সিনেমার মধ্য দিয়ে আরিফিন শুভর সঙ্গে প্রথমবার অভিনয় করছেন মন্দিরা। তার সঙ্গে অভিনয় প্রসঙ্গে বলেন, ‘আরিফিন শুভ ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম সিনেমা। নিঃসন্দেহে তিনি একজন গুণী অভিনেতা। তার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে। আমি খুবই আশাবাদী নীল চক্র সিনেমাটি নিয়ে।’
মন্দিরা আরো জানান, শিগগিরই নতুন আরো একটি সিনেমার ঘোষণা আসতে যাচ্ছে। আপাতত কিছুই বলতে চাচ্ছেন না তিনি। তবে তার তৃতীয় সিনেমাটিও হতে যাচ্ছে অনেক চমকের।










