শাকিব খানের ‘তুফান’ নিয়ে এখনো চলছে আলোচনা। এ সিনেমা নিয়েই মশগুল দেশের সিনেমাপ্রেমীরা। বাংলাদেশের সঙ্গে একযোগে পৃথিবীর আরো ২০টি দেশে চলছে সিনেমাটি। ঈদে মুক্তি পেলেও তুফানের রেশ কাটেনি এখনো। তুফান মুক্তির সঙ্গে সঙ্গেই ট্রেলার এসেছিল আরেকটি সিনেমা ‘দরদ’-এর। ছবির পরিচালক অনন্য মামুন জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে সিনেমাটি মুক্তি দিতে যাচ্ছেন। তবে প্রশ্ন ওঠে, তুফানের মতোই কি ভালো করবে এ  সিনেমা?

তুফান নিয়ে কলকাতায় শাকিব খান। সেখানেই নায়কের সঙ্গে দেখা করেছিলেন পরিচালক। এরপর শাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করে ফেসবুকে জানান, ১৫ জুলাই থেকে দরদের প্রমোশন শুরু করবেন তিনি। বাংলাদেশের পাশাপাশি বিশ্ববাজারে ভালো কিছু করাই দরদসংশ্লিষ্টদের লক্ষ্য। মধ্যপ্রাচ্যের বড় এক অংশজুড়ে বাঙালিরা থাকে। তাদের কাছে তুফান পৌঁছে দিতে চান নির্মাতা। এছাড়া সিনেমাটিতে অভিনয় করছেন ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান। তাকে নিয়েও দর্শক উচ্ছ্বসিত। এ সিনেমার প্রতি দর্শকের ভালোই আগ্রহ দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সিনেমা নিয়ে অনন্য মামুন আরো জানান, দুই মাস দরদের প্রমোশনে নতুন চমক থাকবে। শাকিবিয়ানদের নিয়ে প্রথম কোনো বড় আয়োজন হবে। সেখানে জানানো হবে, সেপ্টেম্বরের কোন তারিখ সিনেমাটি প্যান ইন্ডিয়ান হিসেবে একযোগে মুক্তি পাবে। ঈদের দিন প্রকাশ পেয়েছিল দেড় মিনিটের দরদ টিজার, যেখানে বহুরূপী শাকিব খানকেই দেখা গেছে! কখনো তিনি একেবারে সাধারণ মানুষ, আবার কখনোবা ভয়ংকর এক রহস্য পুরুষ! টিজার বলছে, সাইকো থ্রিলার ঘরানার হতে পারে দরদ। টিজারে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের আছে ভরপুর রোমান্স! সে আভাসও পাওয়া গেছে! সঙ্গে দুর্দান্ত অ্যাকশন ও সাসপেন্স। টিজার দেখে দর্শক বলছে, দুর্দান্ত গল্পে কমার্শিয়াল হিট করতে ফুল প্যাকেজ ছবি হতে যাচ্ছে এ সিনেমা!

টিজার প্রকাশের আগে শাকিব খানের দরদের লুক প্রকাশ হয়েছিল। তখনো দুই বাংলার সিনেমাপ্রেমীদের নজর কেড়েছিল।

বিশেষ করে এ নায়কের ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে লুকটি নিয়ে আলোচনায় মেতে ওঠেন। বাংলাদেশ ও ইন্ডিয়ার যৌথ প্রযোজনায় দরদ হতে যাচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমা। আরো আছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারুয়া, এলিনা শাম্মী। বাংলার পাশাপাশি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষায়। তাই সব মিলিয়ে আশা করা যায়, তুফানের পর হিট হতে যাচ্ছে আরেকটি সিনেমা।