দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম তারকা রবি তেজার নতুন সিনেমা ‘খিলাড়ি’ মুক্তি পেয়েছে গত শুক্রবার। সিনেমাটির ট্রেলার মুক্তি দেয়া হয়েছিল তারও দুদিন আগে (৮ ফেব্রুয়ারি)। ট্রেলারটি মুক্তির পরপরই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার কারণ, সিনেমার নাম রাখা হয়েছে খিলাড়ি।

বলিউড তারকা অক্ষয় কুমারের বিখ্যাত সিনেমার নাম সরাসরি ব্যবহার করায় পেন স্টুডিওসের বিরুদ্ধে মামলা করেছেন ভেনাস রেকর্ডস অ্যান্ড টেপসের মালিক রতন জৈন।

সেই নব্বইয়ের দশক থেকে অক্ষয় কুমার এবং খিলাড়ি যেন সমার্থক। ১৯৯২ সালে খিলাড়ি মুক্তি পাওয়ার পর থেকে অক্ষয়কে এ নামেই সবাই সম্বোধন করে। অর্থাৎ, খিলাড়ি রীতিমতো ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেই ব্র্যান্ড ব্যবহার করে সিনেমা তৈরি করলে মামলা করাই স্বাভাবিক।

এ সম্পর্কে রতন জৈনের বক্তব্য হলো, সরাসরি নামটি ব্যবহার করা যায় না। আপনি নামের আগে পরে কিছু জুড়ে (সাব সে বাড়া খিলাড়ি, খাতরো কা খিলাড়ি) ব্যবহার করতে পারেন।

তিনি আরো বলেন, যেহেতু একই নামের সিনেমা, এখন ইন্টারনেটে খিলাড়ি সম্পর্কে সার্চ করলে কনফিউশন তৈরি হবে।

রতন জৈন মনে করেন কাজটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যেন সিনেমার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া না যায়। বাস্তবেও ৯ তারিখ মামলা করা হলে আদালত জানিয়েছে এই মুহূর্তে মুক্তি নিষিদ্ধ বা বিলম্বিত করা সম্ভব না। রতন জৈনও এ বিষয়ে সহিষ্ণুতা দেখিয়ে বলেছেন, বন্ধ করা এখন আর সম্ভব নয় কেননা এতে অনেকের ক্ষতি হবে। তবে ওটিটি-তে মুক্তির ক্ষেত্রে নতুন করে নামকরণ করার প্রয়োজন।

বলিউডের সিনেমা দক্ষিণে এবং দক্ষিণের সিনেমা বলিউডে হরহামেশা রিমেক হচ্ছে। সেক্ষেত্রে অফিসিয়ালি অনুমতি নিয়ে কিংবা মূল প্রযোজকের সঙ্গে যৌথভাবে কাজ হয়। যদি যৌথভাবে কাজ না হয়, সেক্ষেত্রে নিয়মানুসারে অনুমতি নিয়ে নামকরণ করার সংস্কৃতি চালু করা প্রয়োজন। রতন জৈনের মামলাটি সেক্ষেত্রে একটি পদক্ষেপ হিসেবে বিবেচনা করা যায়।

সূত্র : বলিউড হাঙ্গামা