ক্রমেই সমৃদ্ধ হচ্ছে সংগীত পরিচালক পাভেল আরিনের ‘লিভিং রুম সেশান’। এবার সুরসম্রাট শচীন দেব বর্মণের ‘রঙ্গিলা’ গানটি নিয়ে এল সংগীতের এ নতুন প্লাটফর্ম। আর গানটি গাইলেন এ প্রজন্মের শিল্পী মাশা ইসলাম।

নতুন আয়োজনে বাংলা গান আনেন পাভেল। তিনিই লিভিং রুম সেশনের নির্মাতা। এরই মধ্যে এ কাজের জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছে অনুষ্ঠানটি। তারই ধারাবাহিকতায় শচীন কর্তার ‘রঙ্গিলা’ গানটি তারা প্রকাশ করল। টাইম জোন নিবেদিত লিভিং রুম সেশানের ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার সন্ধ্যায় গানটি প্রকাশ হয়।

এ গান নিয়ে পাভেল বলেন, ‘লিভিং রুম সেশনের গানগুলো যখন বাছাই হচ্ছিল, তখন শচীন দেব বর্মণের বেশকিছু গান আমাদের তালিকায় ছিল। তন্মধ্যে রঙ্গিলা গানটি বাছাই করার একটা বিশেষ ঘটনা রয়েছে। ছোটবেলায় নানিবাড়ি যেতে খেয়া পার হতে হতো। তখন খেয়া মাঝির মুখে প্রথম এ গান শোনা। সেই থেকে গানটি কানে লেগে আছে। পরবর্তী সময়ে জানতে পারি গানটি বাংলা গানের মহানায়ক শচীন দেব বর্মণের।

নতুন আয়োজনে গানের নির্মাণ প্রসঙ্গে পাভেল আরো বলেন, ‘প্রতিভাবান শিল্পী মাশা ইসলাম যত্ন সহকারে গানটি ধারণ করেছেন। সংগীতায়োজনে চেষ্টা করেছি গানের বাণী এবং গায়কিকে প্রাধান্য দেয়ার। আশা করি, গান প্রেমী শ্রোতাদের নতুন সাউন্ডে রঙ্গিলা গানটি ভালো লাগবে।’

লিভিং রুম সেশানে এর আগে প্রকাশ হয় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সাধক জালাল খাঁ, সতীশচন্দ্র গোঁসাই, হাসান মতিউর রহমান ও গীতিকার মোয়াজ্জেম হোসেনের কথায় আলেয়া বেগমের একটি গান প্রকাশ হয়। প্রখ্যাত গুণী শিল্পী ও তরুণ শিল্পীদের সমন্বিত এ প্লাটফর্মে প্রকাশিত গানগুলোয় দেখা গেছে মুজিব পরদেশী, কনা, ইমরান, কাজল দেওয়ান, জাহিদ নীরব ও ইন্নিমাকে।

গানগুলোর অডিও প্রডাকশন করেছে বাটার কমিউনিকেশন, ভিডিও নির্মাণ করেছেন মারুফ রায়হান ও পরিবেশনায় থাকছে মাশরুম এন্টারটেইনমেন্ট।