সময়ের সঙ্গে বাড়ছে ওটিটি প্লাটফর্মের গ্রহণযোগ্যতা। দেশের জনপ্রিয় নির্মাতা আর তারকারাও এ সময় এসে ওয়েব দুনিয়ায় নতুন নির্মাণের সঙ্গে সংযুক্ত হচ্ছেন। রুপালি দুনিয়ায় দর্শকের ভালোবাসা পাওয়া চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাসকে এখন দেখা যাবে ওটিটি প্লাটফর্মে। এই প্রথম তিনি ওয়েব ফিল্মে অভিনয় করছেন। রোববার সকালেই অপু বিশ্বাস ওয়েব ফিল্ম ‘ছায়াবাজি’র শুটিং শুরু করেছেন। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে ওয়েব ফিল্মটি নির্মাণ করছেন মেধাবী নির্মাতা সৈয়দ শাকিল। এতে অপু দ্বৈত চরিত্রে অভিনয় করবেন।
ওয়েব ফিল্মে অভিনয় প্রসঙ্গে অপু বলেন, ‘অনেক আগে থেকেই আমি এ প্লাটফর্মে কাজ করার প্রস্তাব পেয়েছি। তবে আমার সঙ্গে ব্যাটে-বলে মেলেনি বিধায় সেসবে কাজ করা হয়নি। কারণ আমার ইচ্ছাই ছিল এমন গল্পে অভিনয় করব, যেখানে গল্পে আর চরিত্রে থাকবে নতুনত্ব। এতে আমি দ্বৈত চরিত্রে অভিনয় করছি। গল্পটা পড়ে আমার মনে হয়েছে, যে দুই চরিত্রে আমি অভিনয় করছি, তা যেন আমাকে ভেবেই লেখা। নির্মাতা সৈয়দ শাকিল ভাই সম্পর্কে আমি অবগত। তার সঙ্গে এর আগেও অন্য প্রজেক্টে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে। এ ওয়েব ফিল্মে তাকে পেয়েছি, এটাও ভালো লাগার বিষয়। অনেক ধন্যবাদ আরটিভি কর্তৃপক্ষকে। তাদের প্রযোজনায়ই আমি নতুন একটি প্লাটফর্মে যাত্রা করলাম। ছায়াবাজির মাধ্যমে আমার নতুন এ যাত্রা নিজের কাছে অনেক উচ্ছ্বাসের আর আনন্দের। কাজটি ভালোভাবে শেষ করার জন্য এখন অনেক শ্রম দিয়ে নিজের সেরাটা দেখানোর চেষ্টা করছি। কারণ নতুন প্লাটফর্মটি আমার জন্যও নতুন এক চ্যালেঞ্জ।’
ছায়াবাজি ওয়েব ফিল্মটি আহমেদ শাহাবুদ্দিনের ‘সাইকো থ্রিলার’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে।
অন্যদিকে, সরকারি অনুদানে সিনেমা ‘লাল শাড়ি’র কাজ শেষ করেছেন অপু। এর মধ্য দিয়ে প্রথমবার প্রযোজকের আসনে বসলেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক সাইমন সাদিক।









