সালমান খান ও শাহরুখ খানের পর এবার হুমকি পেলেন মিঠুন চক্রবর্তী। অভিনেতাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। পাকিস্তান থেকে শাহাজাদা ভাট্টি নামের এক গ্যাংস্টার ভিডিও বার্তায় হুমকি দিয়েছে এ অভিনেতাকে। ভিডিও বার্তায় দাবি করা হয়েছে, সম্প্রতি মিঠুনের মন্তব্যে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। তারই বদলা নিতে এ প্রাণনাশের হুমকি। মিঠুনকে ক্ষমা চাইতে সময় বেঁধে দেয়াও হয়েছে। আগামী ১০-১৫ দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে তাকে।
২৭ অক্টোবর সল্টলেকের ইজেডসিসিতে ওই কর্মসূচির এক অনুষ্ঠানে ছিলেন মিঠুন চক্রবর্তী। লোকসভা নির্বাচনের প্রচারের সময় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর একটি বিতর্কিত মন্তব্য করেন।
সে বক্তব্য টেনেই মিঠুন চক্রবর্তী বলেছিলেন, ‘আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই বলছি, যা করতে হয় সব করব। এ সবকিছুর মধ্যে অনেক অর্থ লুকিয়ে রয়েছে। আমাদের এখানকার এক নেতা বলেন, ‘‘৭০ শতাংশ মুসলিম, ৩০ শতাংশ হিন্দু। কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব।’’ ভাবলাম, মুখ্যমন্ত্রী তাকে কিছু বলবেন। এমন কথা না বলতে বলবেন। কিছু হল না। আমি মুখ্যমন্ত্রী নই। কিন্তু বলে রাখছি, ভাগীরথী নদী আমাদের মা। তাই ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেব না। কিন্তু তোমার মাটিতেই তোমাকে পুঁতে দেব।’










