কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি গানের সঙ্গেও যুক্ত আছেন তিনি। ২৮ জানুয়ারি মুক্তি পেয়েছে মিমির নতুন গান ‘ভাল্লাগছে না’। এ গানের সুর করেছেন বাংলাদেশের সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস। এটি যৌথভাবে লিখেছেন তাপস ও মিমি।
গানটি প্রকাশের আগে এর ফার্স্টলুক পোস্টার নিয়ে আসেন মিমি। লাল বেনারসি, স্বর্ণের গহনা, শোলার মুকুট পরে নববধূর সাজে দেখা মেলে এ অভিনেত্রীর। তবে এ বেশের পরিবর্তন এনেছে মিমির হাতের মাইক ও গিটার। গানটির পোস্টার প্রকাশের পর আলোচনায় আসেন তিনি। এবার গানটি প্রকাশ প্রসঙ্গে মিমি বলেন, ‘ভাল্লাগছে না এমন কিছু কথার গান যেটা আমাদের বাঙালিদের সঙ্গে জুড়ে আছে। দারুণ এক্সাইটেড ছিলাম গানটা নিয়ে। এমন হয়েছে যে নিজে তো নইই, শ্রোতাদেরও আর অপেক্ষা করাতে ভাল্লাগছিল না। তাই প্রকাশ করে দিলাম। এটি আমার ভক্তদের জন্য নতুন বছরের উপহার।’
গানটির মুক্তিতে মিমিকে শুভেচ্ছা জানিয়ে তাপস বলেন, ‘মিমি যেমন সুঅভিনেত্রী, ভালো মনের মানুষ, তেমনি গানও ভালো করেন। তিনি টিএম ফ্যামিলিরই একজন। কলকাতায় গিয়ে আড্ডার ছলে গানটি তৈরি হয়। ভাল্লাগছে না গানে সময়কে ধারণ করেছেন মিমি। তার প্রতি সবসময় শুভকামনা রইল।’ গানটির সংগীতায়োজন ও মিক্স-মাস্টারিং করেছেন প্রত্যয় খান।










