শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী টু’ এ বছর দারুণ সাড়া ফেলেছে। সিনেমাটি বক্স অফিসে আয় করেছে ৬০০ কোটি রুপির মতো। বলাই যায়, এ বছরে এখন পর্যন্ত সেরা সিনেমা স্ত্রী টু। তবে শ্রদ্ধা জানাচ্ছেন এখানেই শেষ নয়। তিনি আরো ভালো কিছু উপহার দেবেন দর্শককে। এছাড়া তিনি এর সাফল্যের জন্য ধন্যবাদ দিয়েছেন সিনেমার অসাধারণ টিমকে।

শুক্রবার একটি অনুষ্ঠানে ভারতের বিখ্যাত ফ্যাশন ও চলচ্চিত্রবিষয়ক পত্রিকা স্ক্রিন নতুন করে প্রকাশ করা হয়। এ ইভেন্টে উপস্থিত ছিলেন শ্রদ্ধা কাপুর। সেখানেই উঠে আসে স্ত্রী টু নিয়ে আলাপ। এ সিনেমাকে শ্রদ্ধা একটি চমৎকার সিনেমাটিক জার্নি বলে উল্লেখ করেছেন। ধন্যবাদ জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, অপরশক্তি খুরানা ও অভিষেক ব্যানার্জিকে।

শ্রদ্ধা বলেন, ‘এ সিনেমায় আমরা অসাধারণ কয়েকজন অভিনেতাকে পেয়েছি। সেই সঙ্গে ছিল মজাদার সব সংলাপ। তাই বলতে হয় পুরো জার্নিটাই ছিল অসাধারণ, কারণ আমাদের টিম ছিল দুর্দান্ত। এ সিনেমার অংশ হতে পেরেই আমি গর্বিত।’

গল্পটা শুরু হয়েছিল ‘স্ত্রী’ থেকে। ২০১৮ সালে মুক্তি পায় সিনেমাটি। এ নিয়ে শ্রদ্ধা বলেন, ‘ছয় বছর আগে ম্যাডক ফিল্মস কেবল যাত্রা করেছিল। প্রত্যেক অভিনেতাই তার ক্যারিয়ারে এখনকার তুলনায় ভিন্ন একটা অবস্থানে ছিল। আমরা বেড়ে উঠছিলাম বা গড়ে উঠছিলাম।’

শ্রদ্ধা বলেন, ‘আমি মনে করি, আমার সেরা অভিনয়টা আসতে এখনো দেরি আছে। এমন একটা সিনেমার অংশ হতে চাই, যা আগে কখনো হয়নি। এর অভিনয়, চরিত্র বা গল্প অনেক দিন দর্শকের মাথায় থাকবে। এখন আমার এটাই একমাত্র চিন্তা।’

সূত্র: ইয়ন