প্রায় তিন দশক দাম্পত্য জীবনের ইতি টেনে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এআর রহমানের স্ত্রী সায়রা বানু। বিখ্যাত এ গায়কের সঙ্গে তার স্ত্রীর বিচ্ছেদের ঘোষণায় চমকে গেছেন তার লাখ লাখ ভক্ত। অনেকের জন্য এ খবর বিশ্বাস করা কঠিন ছিল। কিন্তু সায়রার আইনজীবী বন্দনা শাহ ভারতীয় একটি সংবাদমাধ্যমকে এ দম্পতির বিচ্ছেদের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। বন্দনা এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছেন, বিয়ের বহু বছর পর স্বামী এআর রহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু। তাদের সম্পর্কের মধ্যে মানসিক চাপের কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন তারা। অন্যদিকে মিসেস সায়রা বানু জানিয়েছেন, এ সিদ্ধান্ত নেয়া তার জন্য মোটেও সহজ ছিল না। অনেক ব্যথা ও যন্ত্রণা থেকে তিনি এটা করেছেন । সায়রা বানু সবার কাছে গোপনীয়তা রক্ষা ও তাদের একান্তে ছেড়ে দেয়ার অনুরোধ করেছেন।
অন্যদিকে এআর রহমান এক্স (পূর্বের টুইটার)-এ লিখেছেন, ‘আমরা গ্র্যান্ড ত্রিশে পৌঁছানোর আশা করেছিলাম, কিন্তু মনে হয় সব কিছুরই একটা অজানা সমাপ্তি আছে।’
১৯৯৫ সালে সায়রা বানুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন এআর রহমান। এ দম্পতির তিন সন্তান খতিজা, রহিমা ও আমিন। বেশ আগে সিমি গারেওয়ালকে দেয়া সাক্ষাৎকারে এআর রহমান জানিয়েছিলেন, তার ও তার স্ত্রী সায়রার মধ্যে বেশকিছু সাংস্কৃতিক মতপার্থক্য রয়েছে। সায়রাকে তিনি মায়ের পছন্দেই বিয়ে করেছিলেন। সে সময় তিনিও বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছিলেন না। তাই তার যখন ২৯ বছর বয়স, তখন মাকে দায়িত্ব দিয়েছিলেন পাত্রী খুঁজে দেয়ার জন্য। মায়ের পছন্দে সায়রা বানুর সঙ্গে বিয়ে হয়ে যায় এআর রহমানের। সে বিয়ের ২৯ বছর পর পথচলায় ইতি টানলেন রহমান ও সায়রা।
শেষবার আম্বানিদের ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে প্রকাশ্যে একসঙ্গে দেখা গিয়েছিল এআর রহমান ও তার স্ত্রী সায়রা বানুকে। তখন অবশ্য তাদের দেখে কেউ অনুমান করতে পারেননি যে কয়েক মাস পরই তাদের বিচ্ছেদ হতে যাচ্ছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস










