জার্মানির মিউনিখে অ্যাডেলের শো শেষ হলো শনিবার। ভক্তরা প্রত্যাশায় রয়েছে লাস ভেগাসের শোয় তাকে দেখার জন্য। সময় কিঞ্চিত বদলে হলেও লাস ভেগাস যাওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি ভক্তদের জানালেন এক দুঃসংবাদও। শিগগিরই সংগীত দুনিয়া থেকে দীর্ঘ বিরতিতে যাচ্ছেন বিশ্বসংগীতের এ সম্রাজ্ঞী। অ্যাডেলে দর্শকের উদ্দেশে ঘোষণা করেছেন, ‘আমার এখন কেবল বিশ্রাম দরকার। গত সাত বছর ব্যয় করেছি কেবল নিজের জন্য একটা জীবন তৈরি করতে। সেখানেই বসবাস করতে চাই। তবে আমি আপনাদের অভাব অনুভব করব। লাস ভেগাসের শো নতুনভাবে গোছানো হয়েছে। কিন্তু তারপর আমি দীর্ঘ সময় আপনাদের মুখোমুখি হব না। বিরতিতে থাকা পুরোটা সময় আপনাদের রাখব মনের মণিকোঠায়।’ 

জুলাইয়ে দেয়া এক রেডিও ইন্টারভিউয়ে অ্যাডেলে প্রথমবারের মতো জানান, তিনি সংগীত থেকে দূরে সরে যাবেন। মনোযোগ দেবেন পরিবার ও অন্যান্য সৃজনশীল বিষয়ের ওপর। অ্যাডেলে বলেন, ‘সংগীত নিয়ে এ মুহূর্তে আমার কোনো পরিকল্পনা নেই। কেবল একটা বড়সড় বিরতি নিতে চাই। করতে চাই অন্যান্য সৃজনশীল কাজ। আরো কিছুদিন এ জীবনেই বাঁচতে চাই।’ 

২০২২ সালের পর থেকে অ্যাডেলে লাস ভেগাস ও মিউনিখে বিশেষ শো সিরিজ শুরু করেন। ১০০টি শো নিয়ে চলা এ সিরিজ আগামী নভেম্বরে শেষ হতে যাচ্ছে। এর মধ্যেই মিউনিখ পর্ব শেষ। আর ১০টি শো হবে লাস ভেগাসে। অ্যাডেলে স্বীকার করেন, এটা একটা সীমাবদ্ধতা। অ্যাডেলের সংগীত শুনতে চাইলে মানুষকে হয় লাস ভেগাস না হয় মিউনিখের ফ্লাইট ধরতে হয়। তার পরও তিনি নতুন অ্যালবাম নিয়ে আপাতত ব্যস্ত হতে চান না। তিনি বলেন, ‘আমার মনে হয় না এখনই নতুন কোনো অ্যালবাম আনতে যাচ্ছি। তবে আমি আনব। আমি ঠিক ফিরিয়ে আনব।’

সূত্র: রোলিং স্টোন